তাপস রায়কে টেক্কা! স্পিকার পদে কার নাম ঘোষণা করলেন শুভেন্দু?

কলকাতা: সব জল্পনার অবসান। পশ্চিমবঙ্গ বিধানসভার পরবর্তী স্পিকার পদের জন্য কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসুর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে…

West Bengal Assembly Live Telecast

কলকাতা: সব জল্পনার অবসান। পশ্চিমবঙ্গ বিধানসভার পরবর্তী স্পিকার পদের জন্য কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসুর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে মানিকতলার জয়ী প্রার্থী তাপস রায় প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেওয়ায় এবং বিধায়কদের শপথগ্রহণ করানোর পর অনেকেই ধরে নিয়েছিলেন তিনিই স্পিকার হতে চলেছেন। কিন্তু বৃহস্পতিবার সকালে শুভেন্দু অধিকারীর এই ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল।

শুভেন্দু অধিকারীর বার্তা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকার পদের জন্য রথীন্দ্র বসুকে মনোনীত করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, রথীন্দ্র বসু সর্বসম্মতিক্রমে নির্বাচিত হবেন এবং সব দল তাঁকে সমর্থন করবে। শুক্রবারই তাঁর শপথগ্রহণের কথা রয়েছে।

   

কী বলছেন মনোনীত স্পিকার?

দায়িত্ব পাওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন রথীন্দ্র বসু। তিনি জানান, দল তাঁকে যে দায়িত্ব দিয়েছে, তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। বিধানসভা কীভাবে চলবে তা দলই ঠিক করে দেবে। অভিজ্ঞ বিধায়কদের পরামর্শ নিয়ে তিনি কাজ করবেন। তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, মানুষ তাদের যোগ্য শাস্তি দিয়েছে। স্পিকারের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি দাবি করেন, বিজেপি ও তৃণমূল সম্পূর্ণ আলাদা আদর্শের দল এবং বিজেপি কোনো ভুল করবে না।

তাপস রায়কে নিয়ে জল্পনা

প্রোটেম স্পিকার হিসেবে কাজ করার পরেও কেন তাপস রায়কে স্পিকার করা হলো না, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁকে ভবিষ্যতে মন্ত্রিসভায় কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা চললেও এখনও সরকারের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি।