
নয়াদিল্লি: স্মার্টফোনে আধার সংক্রান্ত কাজ সারার অভ্যাসে বড়সড় ধাক্কা। আধার কার্ড ব্যবহারকারীদের জন্য অত্যন্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিনের পরিচিত পুরনো ‘mAadhaar’ অ্যাপটি খুব শীঘ্রই চিরতরে বন্ধ করে দেওয়া হচ্ছে। সুরক্ষার ঘেরাটোপ আরও মজবুত করতে এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখতে তার জায়গায় নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ নতুন ‘Aadhaar’ অ্যাপ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এ একটি পোস্টের মাধ্যমে আধার কর্তৃপক্ষ জানিয়েছে, “খুব তাড়াতাড়ি বন্ধ হচ্ছে mAadhaar। দ্রুত ও স্মার্ট পরিষেবার অভিজ্ঞতা পেতে আজই ডাউনলোড করুন নতুন আধার অ্যাপ।” (UIDAI shuts down mAadhaar app and launches new Aadhaar app)
নতুন অ্যাপে কী কী সুবিধা থাকছে?
এটি কেবল পুরনো অ্যাপের বাহ্যিক ভোলবদল নয়, বরং এর সিকিউরিটি সিস্টেমে আনা হয়েছে আমূল পরিবর্তন-
সুরক্ষিত QR শেয়ারিং: হোটেল, হাসপাতাল বা সরকারি অফিসে ভেরিফিকেশনের সময় এখন আর পুরো আধার নম্বর বা ডিটেইলস দেখানোর প্রয়োজন নেই। নতুন অ্যাপের নিরাপদ কিউআর কোডের (QR Code) মাধ্যমে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যটুকুই শেয়ার করা যাবে।
ফেস অথেন্টিকেশন ও ওটিপি: আগে শুধু এসএমএস ওটিপির (OTP) ওপর নির্ভর করতে হলেও, নতুন অ্যাপে যুক্ত হয়েছে ‘ফেস অথেন্টিকেশন’ বা মুখাবয়ব যাচাইয়ের সুবিধা। এর ফলে অন্য কেউ আপনার আধার অপব্যবহার করতে পারবে না।
বায়োমেট্রিক লক: গ্রাহকরা এখন সরাসরি এই অ্যাপ থেকেই নিজেদের আঙুলের ছাপ (Fingerprint) বা চোখের মণি (Iris)-র মতো বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করতে পারবেন।
কীভাবে সেট-আপ করবেন এই নতুন অ্যাপ?
প্লে স্টোর (Play Store) থেকে অফিশিয়াল ‘Aadhaar’ অ্যাপটি ডাউনলোড করার পর নিজের পছন্দসই ভাষা বেছে নিতে হবে। এরপর আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। অনেক ক্ষেত্রে সেট-আপের সময় ‘ফেস অথেন্টিকেশন’ করতে হতে পারে। সবশেষে একটি সিকিউরিটি পিন (PIN) বা বায়োমেট্রিক আনলক সেট করে নিলেই নতুন অ্যাপটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে।
ফ্রি আধার আপডেটের সময়সীমা বাড়ল ২০২৭ পর্যন্ত
নতুন অ্যাপ চালুর পাশাপাশি সাধারণ মানুষের জন্য আরও একটি সুখবর দিয়েছে UIDAI। আধারের নাম, ঠিকানা বা অন্যান্য নথি নিখরচায় অনলাইন আপডেট করার সময়সীমা এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত বিনামূল্যে আধার আপডেটের সুযোগ ছিল, এক অফিশিয়াল মেমোরেন্ডামের মাধ্যমে সেই সময়সীমা বাড়িয়ে ১৪ জুন, ২০২৭ পর্যন্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ, আগামী এক বছর ধরে myAadhaar পোর্টালে গিয়ে নাগরিকরা সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডের তথ্য সংশোধন বা আপডেট করতে পারবেন।











