কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস৷ নতুন প্রকাশিত প্রার্থী তালিকায় (Candidate List) একসঙ্গে ৭৪ জন বর্তমান বিধায়ককে টিকিট দেওয়া হয়নি৷ একুশের নির্বাচনে জয়ী হওয়া বহু নেতার নাম এবার তালিকায় নেই, যা রাজনৈতিক মহলে তুমুল আলোচনার ঝড় তুলেছে৷
সবচেয়ে আলোচিত নাম পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে পড়ার পর বেহালা পশ্চিম কেন্দ্রে তাঁকে প্রার্থী করা হয়নি৷ তাঁর পরিবর্তে প্রার্থী করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে৷ দুর্নীতির অভিযোগে জড়ানো মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহাকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে৷
অন্যদিকে, অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকও তালিকা থেকে বাদ পড়েছেন৷ ব্যক্তিগত জীবন এবং সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তাঁর প্রার্থী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে৷ উত্তরপাড়ায় প্রার্থী করা হয়েছে শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে, যিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫টি কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে৷ সেই তালিকায় রয়েছেন সোহম চক্রবর্তী৷ তবে অধিকাংশ প্রার্থীকে তাঁদের পুরনো আসনেই রাখা হয়েছে৷
অভিজ্ঞ মুখ হিসেবেও তালিকায় রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, যা নির্দেশ করছে অভিজ্ঞতা ও নতুনত্ব দুইয়েরই ভারসাম্য রাখার চেষ্টা হয়েছে৷ ৭৪ জন বাদ যাওয়া বিধায়কের তালিকায় রয়েছে তপন দাশগুপ্ত, জোৎস্না মান্ডি, তাজমুল হোসেন, অসিত মজুমদার, মাণিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, পরেশ পাল, স্বর্ণকমল সাহা, বিকাশ রায়চৌধুরী, বিবেক গুপ্তর মতো নামও৷




















