বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার? সামাজিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: বাংলায় পালাবদলের পর থেকেই সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন ছিল তৃণমূল জমানার জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে। বিশেষ করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু থাকবে কি না, তা নিয়ে ...

By Moumita Biswas

Published:

Follow Us

কলকাতা: বাংলায় পালাবদলের পর থেকেই সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন ছিল তৃণমূল জমানার জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে। বিশেষ করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু থাকবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল তীব্র জল্পনা। সোমবার নবান্নে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সেই ধোঁয়াশা কাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগের সরকারগুলির চালু করা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করছে না নতুন সরকার। (Suvendu Adhikari says Lakshmir Bhandar scheme will continue)

স্বচ্ছতায় জোর মুখ্যমন্ত্রীর

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “১০ বছর বা ৩০ বছর আগের সরকার যেসব জনহিতকর প্রকল্প চালু করেছে, সেগুলি চালু থাকবে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হবে।” মুখ্যমন্ত্রী নির্দিষ্ট কোনো প্রকল্পের নাম না নিলেও তাঁর ইঙ্গিত যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বা সবুজসাথীর দিকেই ছিল, তা স্পষ্ট। তবে তিনি একটি শর্ত জুড়ে দিয়ে বলেন, ভিনদেশের কোনো নাগরিক যাতে এই প্রকল্পের সুবিধা না পান, তা কঠোরভাবে নিশ্চিত করা হবে।

   

লক্ষ্মীর ভাণ্ডার কি হবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’?

বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে তারা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলারা ১৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির মহিলারা ১৭০০ টাকা পান। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটিকে পরিমার্জিত করেই কি অন্নপূর্ণা ভাণ্ডারে রূপান্তরিত করবে শুভেন্দু সরকার? যদিও এই বিষয়ে এদিন খোলসা করেননি মুখ্যমন্ত্রী।

পরবর্তী বৈঠকের ব্লু-প্রিন্ট

আগামী সোমবার পরবর্তী মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে আরজি কর কাণ্ড, নারী সুরক্ষা এবং বকেয়া ডিএ (DA) সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রথম দিনেই আমজনতার পকেটের সংস্থান বা সামাজিক সুরক্ষা বজায় রাখার বার্তা দিয়ে শুভেন্দু সরকার বুঝিয়ে দিল, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখাই তাদের আপাতত লক্ষ্য।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google