দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার পরেও চাকরি হারালেন লিভারপুলের কিংবদন্তি রবি ফাউলার (Robbie Fowler)। সৌদি আরবের দ্বিতীয় সারির ক্লাব Al Qadsiah এর দায়িত্বে ছিলেন তিনি। রবির কোচিংয়ে সৌদি ফার্স্ট ডিভিশন অপরাজিত ছিল ক্লাব। তারপরেও প্রধান কোচের পদ থেকে রবি ফাউলারকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।
চার মাস আগে রবি ফাউলারকে প্রধান কোচের দায়িত্ব অর্পণ করেছিল Al Qadsiah ম্যানেজমেন্ট। দলকে নিয়ে গিয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় স্থানে। একটিও ম্যাচ হারেনি Al Qadsiah। ছ’টি জয় এবং দুটি ম্যাচ ড্র করে ক্রম তালিকার দ্বিতীয় স্থানে ক্লাব। প্রথম স্থানে থাকা Al Orobah এর থেকে পয়েন্টের ব্যবধান মাত্র এক।
Al Qadsiah এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “Al Qadsiah ম্যানেজমেন্ট প্রথম দলের হেড কোচ রবি ফাউলারের সঙ্গে চুক্তি বিচ্ছেদ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। কোচের শ্রম ও পেশাদারিত্ব সম্মান পাওয়ার যোগ্য… পেশাদার কোচ হিসেবে আগামী দিনে তার যাত্রা সাফল্যমন্ডিত হোক, শুভেচ্ছা জানাই।”
২০২০-২১ মরসুমে কলকাতার অন্যতম প্রধান ক্লাব ইস্টবেঙ্গলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন রবি ফাউলার। অস্ট্রেলিয়ার নামী ক্লাব ব্রিসবেন রোরের হয়ে কাজ করেছেন। এছাড়াও থাইল্যান্ডের মুয়াংথাং ইউনাইটেড ফুটবল ক্লাবের প্রধান প্রশিক্ষকের পদে দায়িত্ব সামলেছেন। কোচ হিসেবে নিজেকে প্রমাণিত করার জন্য গিয়েছিলেন আরবে।




















