কলকাতা: এবারের এই ফুটবল সিজনের শুরু থেকেই দেশের রাজধানীর হয়ে খেলছে স্পোটিং ক্লাব দিল্লি (Sporting Club Delhi) দল। এক্ষেত্রে সুপার কাপে আশানুরূপ ফল না হলেও এবারের ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য রয়েছে এই ক্লাবের। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজেদের ঘর সাজিয়েছিল ম্যানেজমেন্ট। কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। প্রথম থেকেই একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করতে শুরু করে টমাস টর্চজের এই ফুটবল দল। টুর্নামেন্টে প্রথম ম্যাচে তাদের পরাজিত হয়েছিল সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসির কাছে। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও তা কার্যকরী হয়নি।
দ্বিতীয় ম্যাচে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলের কাছে। তারপর লিগের তৃতীয় ম্যাচে একটি গোলের ব্যবধানে আটকে যেতে হয়েছিল মানোলো মার্কেজের এফসি গোয়ার কাছে। এই পরিস্থিতিতে পয়েন্ট ঘরে তোলা অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠেছিল আইএসএলের এই নতুন ক্লাবের। যদিও চতুর্থ ম্যাচে রনবীর কাপুরের শক্তিশালী মুম্বাই সিটি এফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছিলেন মনোজ মহম্মদরা। আজ তাঁদের পঞ্চম ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েন কোয়েলের জামশেদপুর এফসি।
তবে এসবের মাঝেই এক বিদেশি ফুটবলারকে দলে টেনে সকলকে চমকে দিল স্পোর্টিং ক্লাব দিল্লি। তিনি জুলিও রিভাস ম্যান্ডোজা। নিজের দেশ ছাড়াও থাইল্যান্ডের পাশাপাশি বলিভিয়ার মত দেশের ফুটবল ক্লাবের হয়েও খেলেছেন অনেকটা সময়। ভারতের এই ফুটবল ক্লাবে যোগদান করার পূর্বে বলিভিয়ার প্রথম টায়ারের ক্লাব অর্থাৎ ডেল বালোম্পিতে খেলেছিলেন বছর পঁচিশের এই সেন্টার ফরোয়ার্ড। গত ২০২৫ সাল পর্যন্ত সেই ক্লাবের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে তাঁকে ছেড়ে দিয়েছিল সেই দেশের ক্লাব।
এবার ভারতের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে নিজের জাত চেনাতে মরিয়া থাকবেন এই বিদেশি স্ট্রাইকার। তার উপস্থিতি দলের মধ্যে কতটা প্রভাব ফেলে সেটাই বড় প্রশ্ন।




















