বাংলার ক্রিকেটে কোচ বদলের জোর জল্পনা, এগিয়ে ঋদ্ধিমান সাহা !

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এ বার বদলের হাওয়া বাংলার ক্রিকেটেও (Bengal Cricket)। বেশ কিছুদিন ধরেই নতুন কোচ খোঁজার কাজ শুরু করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। সেই মতো সিনিয়র ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
wriddhiman saha

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এ বার বদলের হাওয়া বাংলার ক্রিকেটেও (Bengal Cricket)। বেশ কিছুদিন ধরেই নতুন কোচ খোঁজার কাজ শুরু করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। সেই মতো সিনিয়র দল থেকে শুরু করে বিভিন্ন বয়সভিত্তিক বিভাগের জন্য কোচ চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। দেশ-বিদেশের বহু প্রাক্তন ক্রিকেটার ও প্রশিক্ষক আবেদন করেছেন বলে খবর। তবে সব নামের মধ্যে এখন সবচেয়ে এগিয়ে রয়েছেন বাংলার প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা।

বর্তমানে বাংলার অনূর্ধ্ব তেইশ দলের দায়িত্ব সামলাচ্ছেন ঋদ্ধিমান। তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং মাঠের ভিতরে তাঁর দীর্ঘ দিনের সাফল্য তাঁকে অনেকটাই এগিয়ে দিয়েছে। ক্রিকেট মহলের মতে, আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এমন একজন কোচ প্রয়োজন যিনি ড্রেসিংরুমের পরিবেশ বুঝতে পারবেন এবং ক্রিকেটারদের সঙ্গে সহজ সম্পর্ক তৈরি করতে পারবেন। সেই জায়গায় ঋদ্ধিমান যথেষ্ট গ্রহণযোগ্য। ক্রিকেট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছিল ঋদ্ধিমানের। তাঁর পরামর্শেই আনুষ্ঠানিক ভাবে আবেদন করেন বাংলার প্রাক্তন এই ক্রিকেটার। বোর্ডের একাংশের মতে, ক্রিকেটার হিসেবে ঋদ্ধিমানের অভিজ্ঞতা এবং শান্ত স্বভাব দলের পরিবেশকে আরও ইতিবাচক করে তুলতে পারে।

   

বাংলার ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন চিন্তাভাবনা প্রয়োজন বলে মনে করছেন সৌরভ গাঙ্গুলী। তাঁর মতে, বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের মানসিকতা বোঝেন এমন কাউকেই দায়িত্ব দেওয়া দরকার। ঋদ্ধিমান দীর্ঘ দিন দেশের হয়ে খেলেছেন, চাপের মধ্যে থেকেও সফল হয়েছেন। ফলে তিনি তরুণদের সঠিক দিশা দেখাতে পারবেন। সৌরভের বিশ্বাস, বাংলা আবারও দেশের অন্যতম শক্তিশালী দল হয়ে উঠতে পারে, যদি ধারাবাহিক পরিকল্পনা এবং সঠিক নেতৃত্ব বজায় থাকে।

শুধু মাঠের পারফরম্যান্স নয়, ব্যক্তি হিসেবেও সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় ঋদ্ধিমান। সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্কও যথেষ্ট ভালো। তাই তাঁকে কোচ করা হলে দলের ভিতরে অশান্তি বা বিভাজনের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। নতুন মরসুমে আবারও রঞ্জি ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই এগোতে চাইছে বাংলা। খুব শীঘ্রই নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে বলে খবর। আপাতত নজর শিলিগুড়ির পাপালির দিকে। সিএবি সচিব বাবলু কোলে জানিয়েছেন, কোচ নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ভাবেই চলছে। বহু আবেদন জমা পড়েছে এবং প্রত্যেকের যোগ্যতা বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর কথায়, বাংলা ক্রিকেটের উন্নতিই এখন সবচেয়ে বড় লক্ষ্য। নতুন কোচের উপর দায়িত্ব থাকবে তরুণ ক্রিকেটারদের তৈরি করা এবং সিনিয়র দলকে আবার জাতীয় স্তরে সাফল্যের পথে ফেরানো। খুব দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google