“রাজনীতি আমার জন্য নয়”, হারের পর এবার দল ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর!

কলকাতা: ২০২৬-এর নির্বাচনী বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই তৃণমূল শিবিরে আরও এক বড় ধাক্কা। পরাজয়ের গ্লানি নিয়ে রাজনীতিকে বিদায় জানালেন ব্যারাকপুরের সেলিব্রিটি বিধায়ক রাজ চক্রবর্তী। বুধবার সোশ্যাল মিডিয়ায় ...

By Moumita Biswas

Published:

Follow Us
Raj Chakraborty quits politics after Barrackpore defeat

কলকাতা: ২০২৬-এর নির্বাচনী বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই তৃণমূল শিবিরে আরও এক বড় ধাক্কা। পরাজয়ের গ্লানি নিয়ে রাজনীতিকে বিদায় জানালেন ব্যারাকপুরের সেলিব্রিটি বিধায়ক রাজ চক্রবর্তী। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজ স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর সক্রিয় রাজনীতিতে থাকছেন না, বরং ফিরে যাচ্ছেন নিজের পুরনো ঘর, অর্থাৎ চলচ্চিত্র জগতেই। (Raj Chakraborty quits politics after Barrackpore defeat)

ব্যারাকপুরে ভরাডুবি

২০২১-এর বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে জিতে বিধায়ক হয়েছিলেন রাজ। কিন্তু ২০২৬-এর মোদী-ঝড়ে আর নিজেকে টিকিয়ে রাখতে পারেননি তিনি। বিজেপির কৌস্তভ বাগচীর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন রাজ। ভোটের ফল প্রকাশের দিন গণনাকেন্দ্র থেকে তাঁর বেরিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছে।

   

পরিবার ও সিনেমাতেই মন

রাজ লিখেছেন, “রাজনীতি আমার জন্য আর নয়।” দীর্ঘদিনের রাজনৈতিক যাত্রায় যাঁরা তাঁর পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন যে এখন থেকে তিনি সিনেমা এবং পরিবারকেই সময় দিতে চান। পাশাপাশি, রাজ্যে ক্ষমতায় আসা নতুন সরকারকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

১৫ বছরের তৃণমূল শাসনের অবসান

বিজেপির ২০৭টি আসন পেয়ে জয়ের পর থেকেই তৃণমূলের অন্দরে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। রাজের এই ঘোষণা সেই অস্থিরতাকে আরও বাড়িয়ে দিল। ২০২১-এ তৃণমূলের কঠিন সময়ে দলে যোগ দিয়েছিলেন রাজ, কিন্তু ১৫ বছরের তৃণমূল জমানার পতনের সঙ্গে সঙ্গেই তিনি রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google