ভোট মিটতেই বড় কোপ! মহার্ঘ পেট্রল-ডিজেল, লিটার প্রতি কত টাকা বাড়ল দাম?

কলকাতা ও নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের পর্ব মিটতেই আমজনতার ওপর নেমে এল মূল্যবৃদ্ধির খাঁড়া। শুক্রবার সকাল থেকেই দেশজুড়ে কার্যকর হল পেট্রল ও ডিজেলের বর্ধিত দাম। রাষ্ট্রায়ত্ত…

Petrol Diesel CNG Price Increase India After Election

কলকাতা ও নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনের পর্ব মিটতেই আমজনতার ওপর নেমে এল মূল্যবৃদ্ধির খাঁড়া। শুক্রবার সকাল থেকেই দেশজুড়ে কার্যকর হল পেট্রল ও ডিজেলের বর্ধিত দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সিদ্ধান্ত অনুযায়ী, দুই জ্বালানির দামই লিটার প্রতি গড়ে ৩ টাকা করে বৃদ্ধি পেয়েছে। পেট্রল-ডিজেলের পাশাপাশি দাম বেড়েছে সিএনজি-র (CNG) দামও। (Petrol Diesel CNG Price Increase India After Election)

শহর ভিত্তিক পেট্রল ও ডিজেলের নয়া দর

কলকাতা: শহরে এক লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়াল ১০৮ টাকা ৭৪ পয়সা। একই সাথে ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ৯৫ টাকা ১৩ পয়সা।

Advertisements

নয়াদিল্লি: রাজধানীতে পেট্রল ৯৪.৭৭ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৭.৭৭ টাকা। ডিজেল ৮৭.৬০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯০.৬৭ টাকায়।

মুম্বই: বাণিজ্যনগরীতে আজ থেকে পেট্রল বিকোচ্ছে ১০৬ টাকা ৬৮ পয়সা এবং ডিজেল ৯৩ টাকা ১৪ পয়সা দরে।

চেন্নাই: চেন্নাইয়ে পেট্রল ও ডিজেলের নতুন দাম যথাক্রমে ১০৩ টাকা ৬৭ পয়সা এবং ৯৫ টাকা ২৫ পয়সা।

কেন এই আকস্মিক মূল্যবৃদ্ধি?

তেল সংস্থাগুলোর দাবি, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের (Crude Oil) দাম বৃদ্ধি পাওয়ার ফলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। মূলত পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। দীর্ঘদিন খুচরো বাজারে তেলের দাম অপরিবর্তিত থাকায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো লোকসান এড়াতে সরকারের কাছে দাম বাড়ানোর আবেদন জানিয়ে আসছিল। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে তেলের দাম লিটার প্রতি ২ টাকা কমানো হলেও, বর্তমানে বিশ্ব পরিস্থিতির চাপে সেই স্বস্তি উধাও হল।

সিএনজি-র দাম ও প্রধানমন্ত্রীর বার্তা

জ্বালানি তেলের পাশাপাশি দাম বেড়েছে পরিবেশবান্ধব সিএনজি-র। দিল্লিতে প্রতি কেজি সিএনজি-র দাম ৮৫ টাকা থেকে বেড়ে ৮৭ টাকা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মতো আমদানিকৃত পণ্য ব্যবহারে সংযমী হওয়ার অনুরোধ জানিয়েছিলেন। বৈদেশিক মুদ্রার ভাণ্ডার রক্ষা এবং পশ্চিম এশিয়ার অস্থিরতা সামাল দিতেই এই ‘কৃচ্ছ্রসাধনের’ বার্তা দিয়েছিলেন তিনি। সেই বার্তার কিছুদিনের মধ্যেই আজ থেকে পকেটে টান পড়ল দেশবাসীর।

আশঙ্কা ও উদ্বেগ

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার ঠিক পরেই এই ঘোষণা রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, তেলের দাম ৩ টাকা বেড়ে যাওয়ার ফলে পণ্য পরিবহনের খরচ বাড়বে, যার সরাসরি প্রভাব পড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারে। ফলে আগামী দিনে মূল্যবৃদ্ধির গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।