মাঝমাঠের এই তরুণ তারকার সঙ্গে চুক্তি বাড়াতে চায় নর্থইস্ট, নজরে দুই ক্লাব

স্প্যানিশ কোচ হুয়ান পেদ্রো বেনালির দায়িত্ব গ্ৰহনের পর থেকেই ছন্দে ফিরতে থাকে নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। শেষ মরসুমে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত ...

By Sayan Sengupta

Published:

Follow Us
NorthEast United FC Plans Danny Meitei Laishram Contract Extension Amid ISL Club Interest

স্প্যানিশ কোচ হুয়ান পেদ্রো বেনালির দায়িত্ব গ্ৰহনের পর থেকেই ছন্দে ফিরতে থাকে নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। শেষ মরসুমে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ ঘরে তুলেছিল পাহাড়ের এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে ব্যাপক আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের সকল ফুটবলারদের।‌ তারপর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ও জয়ের ধারা অব্যাহত রেখেছিল বেনালির ছেলেরা। প্রথমেই তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে। গোল করেছিলেন আলাদিন আজারেই।

সময় এগোনোর সাথে সাথেই বজায় ছিল সেই ছন্দ। যারফলে টুর্নামেন্টের টপ সিক্সে নিজেদের ধরে রাখতে খুব একটা পরিশ্রম করতে হয়নি। মাঝে বেশ কয়েকটি ম্যাচে আটকে যেতে হলেও সেখান থেকে অনায়াসেই ঘুরে দাঁড়িয়েছিল দল। এই স্প্যানিশ কোচের হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। যদিও তা পূর্ণতা পায়নি। খালিদ জামিলের জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। তবুও দলের পারফরম্যান্স নিঃসন্দেহে খুশি করেছিল সমর্থকদের। পরবর্তীতে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা কলিঙ্গ সুপার কাপে জয় দিয়ে শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড। যারফলে আবার নতুন করে খেতাব জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা।

   

কিন্তু ফের বাঁধ সাধে জামশেদপুর। যারফলে সিজন শেষে শুধুমাত্র ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে জন আব্রাহামের ফুটবল দলকে। যদিও এইসব নিয়ে এখনও আর ভাবছে না ম্যানেজমেন্ট। নতুন সিজনের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই খেলোয়াড় চূড়ান্ত করতে শুরু করে দিয়েছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে নতুন ফুটবলারদের পাশাপাশি পুরনো দলের বেশকিছু তারকার সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা ছিল তাঁদের। সেইমতো গত কয়েক সপ্তাহে চুক্তি বাড়ানো হয়েছে মায়াকান্নন থেকে শুরু করে জিথিন এমএসের মতো দাপুটে ফুটবলারদের সঙ্গে।

তবে আরও দীর্ঘ হতে চলেছে সেই তালিকা। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, দলের মাঝমাঠের কথা মাথায় রেখে মিজোরামের এক তরুণ ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে নর্থইস্ট ইউনাইটেডের। তিনি ড্যানি মেইতেই (Danny Meitei Laishram)। হিসাব বলছে আগামী বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে ডুরান্ড কাপ জয়ী এই ফুটবল দলের। কিন্তু তা শেষ হওয়ার আগেই আরও তিনটি মরসুমের জন্য তাঁকে চূড়ান্ত করতে চলেছে ম্যানেজমেন্ট। অন্যদিকে, মেইতেইকে নিতে আগ্ৰহী বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে এফসি গোয়ার মতো দল।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google