‘নন্দীগ্রামে তৃণমূল বলে কিছু নেই’, হরিপুরে পঞ্চায়েত অফিস দখল করে হুঙ্কার বিজেপির

নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনের ফলাফলে পদ্ম শিবিরের বিপুল জয়ের রেশ কাটতে না কাটতেই তপ্ত হয়ে উঠল নন্দীগ্রামের রাজনীতি। ফলাফল ঘোষণার পর নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর গ্রাম…

Nandigram BJP TMC Office Clash

নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনের ফলাফলে পদ্ম শিবিরের বিপুল জয়ের রেশ কাটতে না কাটতেই তপ্ত হয়ে উঠল নন্দীগ্রামের রাজনীতি। ফলাফল ঘোষণার পর নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের দখল নিল বিজেপি। গত রাতেই ওই কার্যালয়ে বিজেপির পতাকা লাগানো হয়েছিল, আর আজ সকাল থেকে দেখা গেল সেখানে সাদা রঙের প্রলেপ দিয়ে ঘাসফুল চিহ্ন মুছে লিখে দেওয়া হয়েছে ‘ভারতীয় জনতা পার্টির কার্যালয়, হরিপুর’।

বিজেপির জেলা কমিটির সদস্য অশেষ দাসের দাবি, এই অফিসটি আদতে তাঁদেরই ছিল। তিনি জানান, ২০২০ সাল পর্যন্ত এই কার্যালয়টি বিজেপির দখলেই ছিল। কিন্তু তৎকালীন জননেতা মেঘনাথ পাল শুভেন্দু অধিকারীর সঙ্গে দলবদল করে বিজেপিতে এলেও, এই অফিসটি গত পাঁচ বছর ধরে তৃণমূলের আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। নির্বাচনের ফলাফলে বিজেপি এগিয়ে থাকতেই আজ সেটি পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের।

Advertisements

অশেষ দাস আরও যোগ করেন যে, আগামীতে এই ভবনটি পুনরায় ভারতীয় জনতা পার্টির কার্যালয় হিসেবেই ব্যবহৃত হবে। তাঁর সাফ কথা, “নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস বলে আর কিছু অবশিষ্ট নেই।” অন্যদিকে, ভোটের ফল প্রকাশের পর নন্দীগ্রামের একাধিক এলাকায় তৃণমূলের আঞ্চলিক কার্যালয়গুলোতে ভাঙচুর এবং দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।