লখনউ: বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে গয়না ও মূল্যবান জিনিসপত্র লুট করা একটি চক্রকে পাকরাও করেছে যোগী রাজ্যের পুলিশ৷ এই চক্রটি বিয়ের নাম করে শ্বশুরবাড়ির লোকজনকে ঘুমের ওষুধ খাইয়ে ঘরের সবকিছু লুট করে পালিয়ে যেত।
রাজ্যের ললিতপুরের পুলিশ সুপার মহম্মদ মুস্তাক জানিয়েছেন, “বিয়ের আয়োজন করে শ্বশুরবাড়ির সদস্যদের ঘুমের ওষুধ খাইয়ে ঘরের সব গয়না ও মূল্যবান জিনিস লুট করে পালিয়ে যাওয়া একটি বিশেষ চক্রকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের ৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৫ জন মহিলা ও তিনজন পুরুষ রয়েছে।”
চক্রটি দীর্ঘদিন ধরে এই কৌশলে কাজ করছিল। তারা প্রথমে বিয়ের সম্বন্ধ করে শ্বশুরবাড়িতে যেত। বিয়ের অনুষ্ঠানের সময় সুযোগ বুঝে পরিবারের সদস্যদের খাবার বা পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে দিত। তারপর পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে ঘরের গয়না, টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেত। এই চক্রের মহিলা সদস্যরা বিয়ের ‘কনে’ হিসেবে অংশ নিত বলে জানা গিয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, “আজ, মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের গয়না ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।” তিনি স্পষ্ট জানিয়েছেন, “তদন্তে যদি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এই গ্রেফতারের ঘটনায় ললিতপুর জেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের চক্র অনেক পরিবারকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। পুলিশ এখন প্রত্যেক অভিযুক্তকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করছে। চক্রের অন্যান্য সদস্য বা সহযোগীদের খুঁজে বের করতে তদন্ত জোরদার করা হয়েছে।




















