HomeKolkata City‘দিদির মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ’, জোড়া বৈঠকের পর মুখ খুললেন দেব

‘দিদির মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ’, জোড়া বৈঠকের পর মুখ খুললেন দেব

কলকাতা: শনিবার জোড়া বৈঠকের পর কার্যত সুর বদল অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবের৷ কয়েকদিন আগেই ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সহ তিনটি পদ থেকে ইস্তফা দেন তিনি৷ এরপর গত বৃহস্পতিবার দেব কার্যত জানিয়েই দেন, এবারের নির্বাচনে লড়তে বিশেষ আগ্রহী নন তিনি৷ যদিও চূড়ান্ত সিদ্ধান্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন বলেও জানিয়ে ছিলেন দেব৷ তাঁর দলে থাকা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে৷

শনিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘাটালের সাংসদ দেবের বৈঠক হয়৷ বৈঠক শেষে তিনি সোজা চলে যান কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি৷ সেখানে আরও একপ্রস্ত বৈঠক সারেন তিনি৷ এরপর সেখান থেকে বেরিয়ে হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে যান দেব৷ হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিককদের প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘‘এর আগেও বলেছিলাম যে, আমি চাইলেই যে বেরিয়ে যাব, বা ভোটে দাঁড়াবো না, সেটা হবে না৷ দিদির মতামতও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ৷ তবে আজকে একটা কথাই বলব, আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না৷’’

   

দেবের এই বক্ত্যের পর মিঠুন চক্রবর্তীকে দেখে বেরিয়ে অভিনেতা এবং তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী জানিয়ে দেন, ঘাটাল থেকেই প্রার্থী হচ্ছেন দেব৷ শাসক দলের সূত্রে দাবি, এদিনের বৈঠকে দেব অভিষেককে জানান, প্রার্থী হওয়ার বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে৷ তবে এ দিনের বৈঠক নিয়ে সরাসরিভাবে দেব বা অভিষেক কেউই মুখ খোলেননি৷

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায়, দেব তৃণমূলে ছিলেন আছেন এবং থাকবেন৷ দেবের সঙ্গে দলের কখনওই কোনও ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য ছিল না বা হয়নি৷ দলের কিছু ব্যক্তির সঙ্গে তাঁর মতপার্থক্য থাকতে পারে৷ সে বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় বলে খবর৷ ঘাটাল থেকে তৃতীয়বারের জন্য লোকসভা ভোটে লড়বেন তিনি, তা প্রায় নিশ্চিত৷

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর