রাজভবনে তৈরি হচ্ছে প্রজাপতি পার্ক, দায়িত্বে জুলজিকাল সার্ভে

কলকাতা: এবার রাজভবন চত্বরে তৈরি হচ্ছে এক বিশেষ প্রাকৃতিক উদ্যান—প্রজাপতি পার্ক (Butterfly Park)। প্রকৃতি প্রেমীদের জন্য এক নতুন আকর্ষণ হতে চলেছে এটি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিশেষ উদ্যোগে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Doctors forum deputation at Rajbhawan over the justiceof RG Kar case on saturday

কলকাতা: এবার রাজভবন চত্বরে তৈরি হচ্ছে এক বিশেষ প্রাকৃতিক উদ্যান—প্রজাপতি পার্ক (Butterfly Park)। প্রকৃতি প্রেমীদের জন্য এক নতুন আকর্ষণ হতে চলেছে এটি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিশেষ উদ্যোগে এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। দায়িত্বে রয়েছে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (ZSI)।

সূত্রের খবর, মাসখানেক আগে রাজ্যপাল রাজভবনে একটি প্রজাপতি পার্ক (Butterfly Park) তৈরির ইচ্ছা প্রকাশ করেন। এরপর রাজভবনের তরফে যোগাযোগ করা হয় জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে। দ্রুততার সঙ্গে শুরু হয় পরিকল্পনা এবং বাস্তবায়নের কাজ।

   

ZSI-র প্রজাপতি বিশেষজ্ঞ তথা বিজ্ঞানী নভনীত সিং জানিয়েছেন, রাজভবন থেকে সরকারি অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রকল্পের কাজ শুরু হয়েছে। তবে এই পার্ক (Butterfly Park) অন্য কোনও সাধারণ উদ্যানের মতো হবে না। এখানে থাকছে বিশেষ পরিকল্পনা।

নভনীত সিং জানিয়েছেন, রাজভবনের এই প্রজাপতি পার্ক (Butterfly Park) হবে একেবারে উন্মুক্ত প্রকৃতির। খাঁচার মধ্যে আটকে রাখা হবে না কোনও প্রজাপতিকে। এখানে তৈরি করা হচ্ছে ‘Butterfly Host Plant’ অর্থাৎ এমন কিছু গাছ লাগানো হচ্ছে, যেখানে বিশেষ ধরনের মনোফেগাস (Monophagous) প্রজাপতিগুলি বাস করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দেশে মোট ১৩ হাজার প্রজাতির প্রজাপতি এবং মথ রয়েছে। তার মধ্যে শুধুমাত্র প্রজাপতির প্রজাতি প্রায় ১,৪০০। এই প্রজাপতিদের মধ্যে অনেক প্রজাতি শুধুমাত্র নির্দিষ্ট কিছু গাছেই ডিম পাড়ে এবং লার্ভা থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি পর্যন্ত তাদের সম্পূর্ণ জীবনচক্র সম্পন্ন করে।

নভনীত সিং বলেন, ‘‘এই ধরনের প্রজাপতিদের আকৃষ্ট করতে পার্কে বিশেষ ‘Host Plants’ লাগানো হচ্ছে। এতে করে প্রজাপতিরা স্বাভাবিকভাবেই এসে এখানে বসবাস শুরু করবে।’’

রাজভবনের এই প্রকল্পের রেফারেন্স হিসেবে বিজ্ঞানীরা নজর রেখেছেন বেঙ্গালুরুর বিখ্যাত বানেরঘাট্টা বাটারফ্লাই পার্কের দিকে। সেখানে যেমন উন্মুক্ত পরিবেশে দেশি প্রজাপতিদের উপযোগী উদ্যান তৈরি করা হয়েছে, এখানেও সেই ধাঁচেই তৈরি হচ্ছে উদ্যান।

এই পার্কে (Butterfly Park) কেবলমাত্র সৌন্দর্যের জন্য নয়, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যও রয়েছে। শিশু-কিশোরদের জন্য এটি হতে পারে এক শিক্ষামূলক ক্ষেত্র। তারা এখানে এসে জানতে পারবে প্রজাপতির জীবনচক্র, বিভিন্ন প্রজাতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের গুরুত্ব।

পরিবেশবিদদের মতে, কলকাতার মতো শহরের মধ্যে এই ধরনের প্রকল্প সচেতনতার এক নতুন দিশা দেবে। রাজভবনের ঐতিহাসিক পরিবেশের সঙ্গে এই প্রজাপতি পার্ক এক অন্য মাত্রা যোগ করবে।

রাজ্যপাল ইতিমধ্যেই প্রকল্পের অগ্রগতি নিয়ে নিয়মিত খোঁজ নিচ্ছেন বলে জানা গিয়েছে। শীঘ্রই এই পার্ক সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এখন শুধু অপেক্ষা, কবে কলকাতার রাজভবন চত্বরে রংবেরঙের প্রজাপতিদের মুক্ত বিচরণ শুরু হয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google