
রবিবার আইপিএল ২০২৬-এর ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস ও লখনউ সুপার জায়ান্টস। মরসুমে শুরুটা ভালো না করলেও ধীরে ধীরে ফর্মে ফিরছে গুজরাট। আজ লখনউ-এর বিরুদ্ধে ম্যাচটি ৮ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতেছে শুভমানের দল।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় গুজরাট অধিনায়ক শুভমান। প্রথমে ব্যাট করতে নেমে একটুও ছাপ ফেলতে পারেনি ঋষভ পান্থ-এর দল। এইডেন মার্করাম থেকে মুকুল চৌধুরী – কেউই জ্বলে উঠতে পারলেন না। ২০ ওভারে ১৬৪/৮ এ শেষ করে।
অন্যদিকে গুজরাটের প্রসিধ কৃষ্ণা আজ বল হাতে জ্বলে ওঠেন। এইডেন মার্করাম, আয়ুশ বাদোনি, নিকোলাস পুরান এবং মুকুল চৌধুরীর মতো গুরুত্বপূর্ণ ব্যাটারদের সাজঘরে ফেরত পাঠান। এছাড়া অশোক শর্মা ২টি উইকেট শিকার করেন এবং ১টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও কাগিসো রাবাডা।
এরপর রান তাড়া করতে নামে গুজরাট। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে খুব একটা বেগ পেতে হয়নি গুজরাট টাইটানসকে। শুরুতে সাই সুদর্শন তাড়াতাড়ি আউট হলেও তাঁর সতীর্থরা বাকিটা সামলে নেয়। অধিনায়ক শুভমান গিল ৪০ বলে ৫৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে দেন। জস বাটলার ৩৭ বলে ৬০রান স্কোরবোর্ডে যোগ করেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর ২১ এবং রাহুল তেওয়াতিয়া ১০ রান করেন। এতেই টার্গেট ছুঁয়ে ফেলে তারা।
লখনউ সুপার জায়ান্টস-এর বোলিং বিভাগ ছিল খুবই দুর্বল। মাত্র ১টি করে উইকেট নেন মহম্মদ সামি, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব। যা এই ম্যাচে জেতার জন্য যথেষ্ট ছিল না। এই ম্যাচ লখনউ হেরে যাওয়ায় লিগ টেবিলে গুজরাট টাইটানস তাদের টপকে ছয় নম্বরে উঠে এসেছে।













