হঠাৎ লোকভবনে শুভেন্দু, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক

বুধবার সকালে হঠাৎই লোকভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । রাজ্য রাজনীতিতে এই সফর ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। লোকভবনে পৌঁছে প্রথমে তিনি রাজ্যপাল আর.এন. রবির সঙ্গে ...

By Suparna Parui

Published:

Follow Us
governor-cm-hold-lengthy-discussion-suvendu-joins-suddenly-at-raj-bhavan

বুধবার সকালে হঠাৎই লোকভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । রাজ্য রাজনীতিতে এই সফর ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। লোকভবনে পৌঁছে প্রথমে তিনি রাজ্যপাল আর.এন. রবির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সূত্রের খবর, এই শুভেচ্ছা বিনিময় দ্রুতই রূপ নেয় একান্ত আলোচনায়, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা হয় বলে মনে করা হচ্ছে।

ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল, কারণ সম্প্রতি মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে একাধিক দফায় বৈঠক করে ফিরেছেন। সেই সফরের পরপরই রাজ্যপালের সঙ্গে এই বৈঠককে অনেকেই “ইঙ্গিতপূর্ণ” বলে ব্যাখ্যা করছেন। রাজনৈতিক শিবিরের একাংশের মতে, কেন্দ্র-রাজ্য সম্পর্কের সমীকরণ বা আসন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও এখানে আলোচনা হয়ে থাকতে পারে।

   

সরকারি সূত্রে দাবি করা হচ্ছে, আগামী সপ্তাহেই রাজ্যে মন্ত্রিসভার সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে। তবে এই বিষয়ে সরকারি বা রাজভবন কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে জল্পনা আরও জোরালো হয়েছে।

অন্যদিকে, বিজেপি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দিল্লি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য আলাদা আলাদাভাবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেই খবর। শুধু তাই নয়, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সম্ভাব্য মন্ত্রীদের একটি তালিকাও জমা দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। যদিও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ বিজেপির কোনো শীর্ষ নেতা।

উল্লেখ্য, গত ৯ মে মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari) হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। তাঁর শপথগ্রহণের পর প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়নি। বর্তমানে তাঁর সঙ্গে শপথ নেওয়া পাঁচজন মন্ত্রী বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। তাঁরা হলেন—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু।

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google