কলকাতা: রাজ্যে জনস্বাস্থ্য সুরক্ষা আরও শক্তিশালী করতে বড় উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর৷ এবার সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতেও রুটিন টিকাকরণ (Free HPV Vaccination) পরিষেবা চালুর অনুমোদন দেওয়া হয়েছে৷ ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের আওতায় এই টিকাকরণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে৷
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কোনও হাসপাতাল বা প্রতিষ্ঠান উপকারভোগীর কাছ থেকে এই টিকার জন্য কোনও অর্থ গ্রহণ করতে পারবে না৷ ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালগুলিতে বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে৷ সরকারি হাসপাতালগুলিতেও এই টিকাকরণ পরিষেবা চালুর প্রস্তুতি শুরু হয়েছে৷ বর্তমানে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষ হলে রাজ্যজুড়ে টিকাকরণ কার্যক্রম কার্যকর করা হবে।
হিউম্যান প্যাপিলোমাভাইরাস বা HPV একটি ভাইরাস, যা জরায়ুমুখের ক্যানসার, মলদ্বার, গলা এবং যৌনাঙ্গের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, সময়মতো HPV টিকা নিলে এই ধরনের ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। সাধারণত ৯ থেকে ১৪ বছর বয়সি কিশোরীদের জন্য দুই ডোজ এবং ১৫ থেকে ৪৫ বছর বয়সী মহিলাদের জন্য তিন ডোজ টিকা দেওয়া হয়। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রীদের বিনামূল্যে এই টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই কার্যক্রমের জন্য কেন্দ্র থেকে ইতিমধ্যেই প্রায় তিন লক্ষ টিকার ভায়েল পাঠানো হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, বেসরকারি হাসপাতালগুলিতে সপ্তাহে সর্বোচ্চ দুই দিন টিকাকরণ সেশন চালানো যাবে। সাধারণত বুধবার ও বৃহস্পতিবার এই সেশন করার পরামর্শ দেওয়া হয়েছে। চূড়ান্ত দিন নির্ধারণ হবে সংশ্লিষ্ট জেলার চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ (CMOH)-এর সঙ্গে আলোচনা করে। প্রতিটি প্রতিষ্ঠানে একজন নোডাল অফিসার নিয়োগ করতে হবে। তিনি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে টিকা সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহারের দায়িত্ব তদারকি করবেন।
নির্দেশিকা অনুযায়ী ক্লিনিকে থাকতে হবে আলাদা ওয়েটিং এরিয়া, টিকাকরণ কক্ষ, ৩০ মিনিট পর্যবেক্ষণের জন্য পৃথক কক্ষ, একমুখী রোগী চলাচল ব্যবস্থা, পর্যাপ্ত আলো-বাতাস ও হাত ধোঁয়ার ব্যবস্থা, স্তন্যদান কর্নার ও অভিভাবকদের টিকাদানের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করানো বাধ্যতামূলক৷




















