ডিসেম্বরের প্রথম থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সুপার কাপের ধাক্কা ভুলে এবার দেশের প্রথম ডিভিশন লিগে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে মেরিনার্সদের। একটা সময় পর্যন্ত প্রথম ডিভিশন লিগ নিয়ে অনিশ্চয়তার কারণে গত মাসের মাঝামাঝিতে অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ করে দিলেও এবার ফের প্রাকটিস শুরু করেছে মোহনবাগান। যেখানে প্রথম দিন থেকেই মাঠে নেমেছেন দলের অধিকাংশ ফুটবলাররা। তবে হোসে মোলিনা এখন অতীত।
দলের দায়িত্ব পেয়েছেন বর্তমানে সার্জিও লোবেরা। তবে নবনির্বাচিত কোচ সার্জিও লোবেরার ভিসা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় এখনও শহরে আসতে পারেননি তিনি। যারফলে আপাতত এই আইএসএল জয়ী কোচের পরিবর্তে বর্তমানে দলের দায়িত্ব পালন করছেন রিজার্ভ দলের কোচ বাস্তব রায়। এছাড়াও রয়েছেন সহকারী কোচেরা। তাঁদের তত্ত্বাবধানেই প্রথম দিনের অনুশীলন করে চলেছে সবুজ-মেরুন। যেখানে প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছে জেসন কামিন্স থেকে শুরু করে জেমি ম্যাকলারেন ও টম অলড্রেডদের মতো ফুটবলারদের। এক্ষেত্রে আলবার্তো রদ্রিগেজ প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত থাকলেও পরেরদিন থেকেই সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগদান করেন স্প্যানিশ ফুটবলার।
আসন্ন টুর্নামেন্টে এই বিদেশি ডিফেন্ডারের উপর ব্যাপক প্রত্যাশা রয়েছে সকলের। তবে সেই সময় দেখা যায়নি বাগান সমর্থকদের নয়নের মনি দিমিত্রি পেত্রাতোসকে। জানা গিয়েছিল ব্যক্তিগত কারণের জন্যই নাকি আরও কয়েকদিন ছুটি নিয়েছিলেন এই ফুটবলার। তবে শোনা যাচ্ছিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শহরে চলে আসবেন তিনি। সেইমতো দিনকয়েক আগেই কলকাতায় পা রেখেছিলেন এই অস্ট্রেলিয়ান। তাঁকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত হয়েছিল বেশকিছু বাগান সমর্থক। চলতি সিজনে এখনও পর্যন্ত নিজের সেরা ছন্দে ধরা দিতে পারেননি এই বাগান তারকা।
তবে আগত টুর্নামেন্টে ও তাঁর উপর ভরসা রেখেছেন বাগান কোচ। সেইমতো এবার দলের সঙ্গে বল পায়ে নেমে পড়েছেন অনুশীলনে। কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর বেশ কয়েকটি ছবি আপলোড করেছে মোহনবাগান। যা নিঃসন্দেহে স্বস্তি দিয়েছে সমর্থকদের।




















