April 18, Kolkata: শনিবার ঘরের মাঠে বিশেষ সুবিধা করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দাপটের সঙ্গে এক বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচটি জিতেছে দিল্লি ক্যাপিটালস। আরসিবির মতো শক্তিশালী দলকে হারিয়ে আত্মবিশ্বাস বৃদ্ধি করল অক্ষর প্যাটেলরা।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু ২০ ওভার খেলে ৮ উইকেট খুইয়ে ১৭৫ রান তোলে। এদিন ফিল সল্ট ছাড়া বাকি কেউই ত্রিশের গন্ডিও পেরোতে পারেনি। সল্ট ৩৮ বলে ৬৩ রান করে বিশেষ অবদান রাখেন। এছাড়া বিরাট কোহলি (১৯), দেবদত্ত (১৮), অধিনায়ক পাতিদার (৮), টিম ডেভিড (২৬), জিতেশ শর্মা (১৪), রোমারিও শেফার্ড (১), ক্রুনাল পান্ডিয়া (১২), ভুবনেশ্বর কুমার (৩) বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি।
উল্টোদিকে রান তাড়া করতে নেমে প্রথম বেগ পেতে হয় দিল্লিকে। কিন্তু সামলে নিয়েছে বাকিরা। কে এল রাহুল এদিন ৩৪ বলে ৫৭ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। পাশাপাশি ট্রিস্টান স্টাবস ৪৭ বলে ৬০ রান স্কোরবোর্ডে যোগ করেন। এছাড়া অধিনায়ক অক্ষর প্যাটেল ২৬ রান রিটায়ার্ড আউট হন এবং ডেভিড মিলার ২২ রানে অপরাজিত থাকেন। মাত্র ৪টি উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি শিবির।
এদিন দিল্লির বোলিং বিভাগ যথেষ্ট চাপ সৃষ্টি করেছিল বিরাটদের উপর। উইকেট এসেছে কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি, অধিনায়ক অক্ষর প্যাটেলের থেকে। তাঁরা প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন। ১টি উইকেট নেন মুকেশ কুমার। অন্যদিকে ততটা জ্বলে উঠতে পারেনি বেঙ্গালুরুর বোলিং ইনিংস। এদিন ৩টি উইকেট নিয়ে বেঙ্গালুরু সফল বোলার ভুবনেশ্বর কুমার। ১টি উইকেট এসেছে ক্রুনাল পান্ডিয়ার থেকে। বাকি সকলে ব্যর্থ।




















