বর্ধমান: ভোটের (West Bengal Assembly Election 2026) ডিউটি করতে এসে মৃত্যু হল এক কেন্দ্রীয় বাহিনীর অফিসারের৷ ঘটনাটি পূর্ব বর্ধমানে বিধানসভা কেন্দ্রের৷ মৃত অফিসারের নাম নগ্রেন্দ্র সিং৷ তিনি ভোট কেন্দ্রের নিরাপত্তা দায়িত্বে ছিলেন৷ সেখানেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন৷
সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়৷ জানা গিয়েছে, নগ্রেন্দ্র সিং সিআরপিএফ-এর সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন৷ তিনি বিহারের বৈশালী জেলার সরাই থানার বাসিন্দা এবং জামুইয়ের ২১৫ নম্বর ব্যাটেলিয়নের সঙ্গে যুক্ত ছিলেন৷
মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়৷ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি স্বাভাবিক অসুস্থতা নাকি অন্য কোনও বিশেষ কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে৷ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য পূর্ব বর্ধমানসহ বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই পৌঁছেছে৷




















