কলকাতা: হাজারও বাধা পেরিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। অংশগ্রহণ করবে ১৪ টি দল। এই টুর্নামেন্টে অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছিল গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্স। কিন্তু বৃহস্পতিবার তাঁদের আবেদন খারিজ করে দিল ফেডারেশনের কার্যকরী সমিতি। ফলে আসন্ন আইএসএলে খেলা হচ্ছে না চার্চিল ব্রাদার্সের (Churchill Brothers )।
আইএসএলের ক্লাবগুলি চায়নি চার্চিল ব্রাদার্স যোগদান করুক। তবুও এদিন দুপুর ১২টায় আইএসএলের আসন্ন মরশুমে ক্লাবগুলির গভর্নিং কাউন্সিলের চ্যাটারে সই করা সহ চার্চিল ব্রাদার্সের যোগদান নিয়ে গুরুত্বপূর্ণ কার্যকরী কমিটির মিটিং করে ভারতীয় ফুটবল ফেডারেশন। ক্রীড়াসূচি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আইএসএল শুরু হতে বাকি মাত্র ২ দিন। এই আবহে চার্চিল ব্রাদার্সকে আইএসএলে যুক্ত করলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন – আবার প্রথম থেকে করতে হবে ক্রীড়াসূচি। সূচি অদলবদল হলে মারাত্মক প্রভাব পড়বে। শুধু তাই নয়, আইএসএলের অন্য ক্লাবগুলিও চাইছে না চার্চিল ব্রাদার্স পিছনের দরজা দিয়ে যোগদান করুক।
আরও একটি কারণ হল মাঠের সমস্যা। মাঠ পাওয়া যাচ্ছে না ওড়িশায়। তাই ইন্টার কাশী চেষ্টা করছে গোয়ার মাটিতে খেলার। কিন্তু যতক্ষণ না পর্যন্ত গোয়া ফুটবল সংস্থা, চার্চিল ব্রাদার্সের আইএসএল খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে, ততক্ষণ ইন্টার কাশীকে মাঠ দিতে পারছিল না। অবশেষে কার্যকরী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় চার্চিল ব্রাদার্স যোগদান করতে পারবে না আইএসএলের আসন্ন মরশুমে। এবার আশা করা হচ্ছে, ইন্টার কাশীর মাঠ সমস্যা হয়তো মিটবে। উল্লেখ্য, মোবাইলে ফ্যানকোডের পাশাপাশি টেলিভিশনে সোনি স্পোর্টসে হবে আইএসএলের সরাসরি সম্প্রচার।




















