উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের চোপড়ায় ভোটের আগে ফের বিতর্কের ঝড় উঠেছে একটি ভাইরাল ভিডিওকে ঘিরে। (Chopra TMC leader)অভিযোগের কেন্দ্রে তৃণমূল নেতা মান্নান আলী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর হাতে রয়েছে ৫০০ টাকার নোটের মোটা বান্ডিল, আর চারপাশে দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন একাধিক সমর্থক। ভিডিওতে আরও দেখা যায়, বাইক নিয়ে আসা ব্যক্তিদের একে একে ৫০০ টাকার নোট দেওয়া হচ্ছে। এই দৃশ্য সামনে আসতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
আরও দেখুনঃ ভোটের আবহে মদে ‘রাশ’! নিয়ম ভাঙলেই লাইসেন্স বাতিল, কবে থেকে বন্ধ দোকান?
স্থানীয় সূত্রের দাবি, ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে তিনি মান্নান আলী। আরও চাঞ্চল্যকর অভিযোগ, এই ভিডিওটি প্রথমে নাকি তাঁর নিজের ফেসবুক প্রোফাইল থেকেই পোস্ট করা হয়েছিল। পরে অবশ্য সেটি মুছে ফেলা হয়। যদিও এই বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি বলে জানা গেছে।
ঘটনার সময়কাল নিয়েও উঠছে প্রশ্ন। জানা যাচ্ছে, ওই দিনই এলাকায় তৃণমূল প্রার্থী হামিদুল রহমানের উপস্থিতিতে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওটি সেই মিছিল শুরুর ঠিক আগের মুহূর্তের বলে দাবি করছেন স্থানীয়রা। ফলে এই টাকা বিলির সঙ্গে নির্বাচনী প্রচারের যোগ রয়েছে কি না, তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে।
বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই ঘটনাকে ইস্যু করে সরব হয়েছে। তাদের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে প্রকাশ্যে টাকা বিলি করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন। এই ঘটনায় অবিলম্বে নির্বাচন কমিশণের তদন্তের দাবি তুলেছে বিরোধীরা। তাদের মতে, যদি এই অভিযোগ প্রমাণিত হয়, তবে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি।




















