কলকাতা: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) খাতা মূল্যায়ন নিয়ে আরও কঠোর ব্যবস্থান নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ৷ জারি করা নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, উত্তরপত্রের সুরক্ষা ও গোপনীয়তা রক্ষায় কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না৷ পরীক্ষকদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মূল্যায়নের কাজ সম্পন্ন করতে হবে৷
পর্ষদ সচিব সুব্রত ঘোষ জানিয়েছেন, খাতা যেন কোনোভাবে নষ্ট না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে৷ উত্তরপত্র ছিঁড়ে যাওয়া, দাগ লাগা, ভিজে যাওয়া বা হারিয়ে যাওয়ার মতো ঘটনা এড়াতে বাড়িতেও নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে খাতা৷ এমনকি গৃহপালিত পশু বা শিশুদের নাগালের বাইরে রাখার কথাও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে৷
এছাড়াও জনবহুল এলাকা, গণপরিবহন, বাজার কিংবা যে কোনো ভিড়যুক্ত স্থানে বসে খাতা দেখা সম্পূর্ণ নিষিদ্ধ৷ নিরিবিলি ও সুরক্ষিত পরিবেশে বসেই মূল্যায়নের কাজ শেষ করতে হবে৷ স্কুল প্রাঙ্গণেও উত্তরপত্র মূল্যায়ন না করার পরামর্শ দেওয়া হয়েছে৷ মূল্যায়নের সময় মোবাইল ফোন বা অন্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না৷ উত্তরপত্রের ছবি তোলা, নম্বর প্রকাশ করা বা তথ্য বাইরে ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷ পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে খাতা মূল্যায়ন শেষ করে জমা দিতে হবে৷




















