কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নির্বাচন কমিশনের তৎপরতা বাড়ছে৷ সেই প্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) কলকাতা সফরকে ঘিরে টানা রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ মঙ্গলবার সকালে বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাওয়ার পথে ফের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে৷ বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা কালো পতাকা দেখিয়ে ‘গো-ব্যাক’ স্লোগান তোলেন।
মঙ্গলবার সকালে জ্ঞানেশ কুমার বেলুড় মঠে পৌঁছন৷ সেখানে রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা তাঁকে স্বাগত জানান৷ প্রথমে তিনি বেলুড় মঠের মূল মন্দিরে প্রণাম করেন এবং কিছুক্ষণ সময় কাটান৷ এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়৷ তাঁদের মধ্যে কিছু সময় সৌজন্য আলোচনা হয় বলে জানা গিয়েছে৷
সূত্রের খবর, প্রায় ৪৫ মিনিট তিনি বেলুড় মঠ প্রাঙ্গণে থাকেন তিনি৷ এই সময় মঠের আধ্যাত্মিক পরিবেশ ও বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়৷ বেলুড় মঠ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “পশ্চিমবঙ্গের সমস্ত ভাইবোনকে নমস্কার৷ শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের তপভূমি বেলুড় মঠে এসে নির্বাচন কমিশন জানাতে চায় যে রাজ্যে অবাধ, সুষ্ঠ এবং হিংসামুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে৷”
তিনি আরও বলেন, ‘‘ভোটের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা হবে৷ তবে তাঁর এই সফরের মাঝেই ফের বিক্ষোভের ঘটনা ঘটে৷ বেলুড় মঠে যাওয়ার পথে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের নীচে একদল বিক্ষোভকারী জড়ো হয়ে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখান এবং ‘গো-ব্যাক’ স্লোগান দেন৷
পরে বেলুড় মঠ থেকে বেরিয়ে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাওয়ার পথেও একই ধরনের বিক্ষোভ দেখা যায়৷ সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, মন্দিরের গেটের সামনেও কিছু রাজনৈতিক কর্মী জড়ো হয়ে বিক্ষোভ দেখান৷ যদিও কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই তিনি মন্দিরে প্রবেশ করেন৷
দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্ঞানেশ কুমার৷ তিনি বলেন, “আজ দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিলাম এবং মা কালীর আশীর্বাদ চাইলাম যাতে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠ নির্বাচন পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ৷”
মঙ্গলবার বেলা ১২টা নাগাদ সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক করে বিকেলে কমিশনের প্রতিনিধিরা দিল্লির উদ্দেশে রওনা দেবেন বলে জানা গিয়েছে৷




















