কলকাতা: গত ১১ই এপ্রিল ইন্ডিয়ান সুপার লিগের অষ্টম ম্যাচে নেমেছিল বেঙ্গালুরু এফসি। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল অ্যাশলি ওয়েস্টউডের কেরালা ব্লাস্টার্স। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় দক্ষিণের দলটি। ভিক্টর বার্তোমিউ এবং ফ্রান্সিসকো আবালোর দৌলতে টুর্নামেন্টের প্রথম জয় পায় কেরালা ব্লাস্টার্স। কিন্তু সেই ম্যাচেই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। হোম টিমের গ্যালারি থেকে প্রতিপক্ষের এই ফুটবলারকে কেন্দ্র করে উঠে এসেছিল এই বর্ন বিদ্বেষী মন্তব্য। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল সর্বত্র।
পরবর্তীতে এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দুই শিবির। বেঙ্গালুরু এফসির তরফে জানানো হয়েছিল, ‘আমরা এই আচরণের তীব্র নিন্দা জানাই। বর্ণবাদ অগ্রহণযোগ্য, আমাদের খেলায় এর কোনও স্থান নেই এবং এটি এই ক্লাবের আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। আমরা জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই ক্লাবের প্রতিনিধিত্বকারী প্রত্যেক সমর্থককে সর্বদা সর্বোচ্চ সম্মান ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখার কথা জানাচ্ছি।’
কেরালা ব্লাস্টার্সের তরফে নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ইস্যুতে লেখা হয়, ‘ শেষ ম্যাচে ঘটে যাওয়া একটি জঘন্য ঘটনা ক্লাবের নজরে এসেছে, যেখানে আমাদের একজন খেলোয়াড়কে প্রকাশ্য বর্ণবাদী স্লোগানের শিকার হতে হয়েছে। ক্লাব এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছে এবং সংশ্লিষ্ট আইএসএল ও এআইএফএফ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপন করেছে। আমরা আমাদের খেলোয়াড়ের মর্যাদা রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’
অবশেষে এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ। তাঁদের তরফে বলা হয়, ‘ আমরা খেলোয়াড়দের এবং এমন প্রত্যেক ব্যক্তির পাশে দৃঢ়ভাবে আছি, যাঁর কোনো প্রকার বৈষম্য ছাড়াই এই সুন্দর খেলাটিতে অংশগ্রহণ করার ও উপভোগ করার অধিকার রয়েছে।এআইএফএফ বর্ণবাদের প্রতি শূন্য-সহনশীলতার নীতি মেনে চলে। এআইএফএফ-এর শৃঙ্খলাবিধি অনুযায়ী অভিযোগগুলো পর্যালোচনার জন্য একটি স্বাধীন বিচারিক সংস্থা, শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে। কার্যক্রম চলাকালীন এআইএফএফ এ বিষয়ে আর কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবে।’
সেখানেই শেষ নয়। আরও বলা হয়, ‘ যারা আমাদের স্টেডিয়ামে ঘৃণা নিয়ে আসে, আমাদের খেলায় তাঁদের কোনো স্থান নেই।’ অর্থাৎ সমস্ত কিছু খতিয়ে দেখেই এবার উপযুক্ত ব্যবস্থা নিতে চলেছে দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থা।




















