কলকাতা: কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবারের ভোট প্রচারে এক অভিনব ছবির সাক্ষী থাকল গোটা এলাকা। (Abhijit Dey Bhowmik)রাজ্যের অন্যান্য জায়গায় যখন প্রার্থীরা সাধারণ মানুষের মন জয় করতে নানান কৌশল নিচ্ছেন কেউ রান্নাঘরে ঢুকে পড়ছেন, কেউ আবার রুটি বেলছেন।ঠিক সেই সময় একেবারে অন্য পথে হাঁটলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। তাঁর প্রচারের ধরন যেন সরাসরি মাটির সঙ্গে যুক্ত মানুষের জীবন থেকে উঠে আসা।
সকালের আলো ফোটার কিছুক্ষণের মধ্যেই তাঁকে দেখা যায় গ্রামের চাষের জমিতে। কিন্তু শুধু উপস্থিতিই নয়, তিনি নিজেই ট্র্যাক্টরের স্টিয়ারিং হাতে তুলে নেন। জমিতে চাষের কাজ করতে করতে তিনি যেন এক অন্য বার্তা পৌঁছে দেন ভোটারদের কাছে। এই দৃশ্য ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। অনেকেই কাজ ফেলে ভিড় জমান মাঠের ধারে কেউ দেখছেন, কেউ মোবাইলে ভিডিও করছেন, আবার কেউ কেউ সরাসরি প্রার্থীর সঙ্গে কথা বলার সুযোগ নিচ্ছেন।
আরও দেখুনঃপাক হুমকিতে নীরব মোদী! আরেকটা পহেলগাঁও-এর ব্লু-প্রিন্ট তৈরি? বিস্ফোরক মমতা
অভিজিৎ দে ভৌমিকের এই উদ্যোগ নিছক প্রচার নয় বলেই মনে করছেন এলাকার অনেকেই। তাঁর কথায়, “কৃষকরাই বাংলার আসল শক্তি। তাঁদের ঘামেই এই মাটি উর্বর হয়, তাঁদের পরিশ্রমেই আমাদের জীবন চলে। তাই তাঁদের সম্মান জানাতেই আমি মাঠে নেমেছি।” তিনি আরও বলেন, শুধুমাত্র ভোটের সময় নয়, সারাবছর কৃষকদের পাশে দাঁড়ানোই তাঁর লক্ষ্য। তাঁদের সমস্যা শোনা এবং তার বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করাই তাঁর অঙ্গীকার।
গ্রামবাসীদের একাংশ এই উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন। তাঁদের মতে, প্রার্থীরা যদি সত্যিই মানুষের সমস্যা বুঝতে চান, তাহলে এভাবেই সরাসরি মানুষের মধ্যে গিয়ে, তাঁদের কাজের সঙ্গে যুক্ত হয়ে তা বোঝা সম্ভব। এক স্থানীয় কৃষক বলেন, “আমরা তো সারাবছর মাঠে খাটি। কেউ যদি আমাদের কষ্টটা বুঝতে চায়, সেটা ভালো লাগে। উনি এসে আমাদের সঙ্গে কাজ করছেন, এটা আলাদা একটা অনুভূতি।”
তবে রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীরা একে “স্টান্ট” বলেও কটাক্ষ করেছেন। তাঁদের দাবি, ভোটের সময় এ ধরনের অভিনয় নতুন কিছু নয়, কিন্তু বাস্তবে কতটা কাজ হয় সেটাই দেখার বিষয়। যদিও তৃণমূল শিবির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাঁদের মতে, এটি শুধুমাত্র প্রচার নয়, বরং মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার একটি আন্তরিক প্রয়াস।




















