জয়পুর: ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) গোয়েন্দা শাখা এবং রাজস্থান পুলিশের (Rajasthan Police) যৌথ অভিযানে বড় সাফল্য মিলেছে। শ্রীগঙ্গানগর জেলায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রায় ১,০০০ মিটার অবৈধ সেনাবাহিনীর নকশার (Army-pattern) কমব্যাট কাপড় বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তে একটি বড় জাল নেটওয়ার্কের সন্ধান মিলেছে, যা বাজারে নকল সেনা পোশাকের কাপড় সরবরাহ করছিল বলে অভিযোগ।
এই অভিযান শুরু হয় চলতি বছরের জুন মাসে উত্তরপ্রদেশের বেরেলিতে একই ধরনের নকল কমব্যাট কাপড় উদ্ধার হওয়ার পর। তদন্তে জানা যায়, সেই কাপড়ের উৎস ছিল রাজস্থানের শ্রীগঙ্গানগর।
এরপর ভারতীয় সেনার গোয়েন্দা ইউনিট গোপনে তদন্ত চালিয়ে জানতে পারে, শ্রীগঙ্গানগরের একটি স্থানীয় সংস্থা এই চক্রের অন্যতম প্রধান যোগসূত্র। অভিযোগ, ওই সংস্থা শ্রীগঙ্গানগর শহর ছাড়াও লালগড় জাট্টান, সুরতগড় এবং আশপাশের বিভিন্ন বাজারের দোকানে সেনাবাহিনীর নকশার নকল কমব্যাট কাপড় সরবরাহ করছিল। এর ভিত্তিতে সেনার গোয়েন্দা শাখা ও রাজস্থান পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাপড় বাজেয়াপ্ত করে।
তদন্তকারী সংস্থাগুলির মতে, এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত এবং নকল সেনা পোশাক তৈরির এই নেটওয়ার্ক কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত এখনও চলছে।





