নয়াদিল্লি: ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলাগুলি প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার বিষয়ে লিখিত নিশ্চয়তা এখনও না পাওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল ককরোচ জনতা পার্টি (CJP)। মঙ্গলবার গভীর রাতে দলের প্রধান মুখপাত্র সৌরভ দাস দাবি করেন, সরকার প্রতিশ্রুতি রক্ষা না করলে দিল্লি-সহ দেশজুড়ে ফের বৃহত্তর আন্দোলন শুরু করা হবে।
ANI-কে দেওয়া বক্তব্যে সৌরভ দাস বলেন, সরকার তাঁদের আশ্বাস দিয়েছিল যে, ছাত্র ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত FIR প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতেও দিল্লি-সহ সব বিজেপি ও NDA-শাসিত রাজ্যে কোনও আন্দোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।
তাঁর দাবি, শনিবার এই আশ্বাস গোটা দেশের সামনে দেওয়া হয়েছিল এবং তা কার্যকর করার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে পর্যন্তও সরকারের কাছ থেকে কোনও লিখিত নিশ্চয়তা পাওয়া যায়নি।
Also Read | নেপালের প্রধানমন্ত্রী ভারত বিরোধী বালেন শাহকে ভারতে ডেকে কূটনীতির বড় চাল মোদীসরকারের
সৌরভ দাস জানান, মঙ্গলবার সন্ধ্যায় সরকারি প্রতিনিধিদের আমন্ত্রণে তিনি তাঁদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাঁকে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ দেখানো হয়। তাঁর দাবি অনুযায়ী, ওই নির্দেশের চতুর্থ ধারায় (Direction No. 4) বলা হয়েছে যে, ইতিমধ্যেই দায়ের হওয়া FIR-গুলির তদন্ত চালিয়ে যাওয়া যেতে পারে। সরকারি প্রতিনিধিরা এই বিষয়টি তুলে ধরে জানান, বিষয়টি এখন আদালতের বিচারাধীন (Sub Judice)।
তবে সৌরভ দাসের বক্তব্য, তিনি সরাসরি জানতে চান সরকার লিখিতভাবে আগের প্রতিশ্রুতি দেবে কি না। কিন্তু সেই প্রশ্নের কোনও উত্তর তাঁকে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
এরপর কেন্দ্রকে কড়া বার্তা দিয়ে CJP মুখপাত্র বলেন, সরকার দেশের যুবসমাজের সঙ্গে বড় ধরনের বিশ্বাসঘাতকতা করতে চলেছে। ছাত্রদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে কোনও সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
Also Read | ছাত্র আন্দোলনের রেশ কাটেনি! E ২০ র প্রতিবাদে ফের সংসদমুখী মিছিলের সিদ্ধান্ত দিল্লির ট্যাক্সি এসোসিয়েশনের
তিনি আরও বলেন, যদি সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে নতুন করে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ছাত্রদের স্বার্থে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও দাবি করেন সৌরভ দাস। তবে সরকারের পক্ষ থেকে সৌরভ দাসের এই অভিযোগের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।





