সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের এই নয়া সিজনে দুরন্ত ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সপ্তাহ কয়েক আগেই জয়ের মধ্য দিয়ে কলকাতা ফুটবল লিগ শুরু করেছিল রেড রোডে এই ফুটবল দল। তারপর ম্যাচ যত গড়িয়েছে দাপট থেকেছে সাদা-কালো ব্রিগেডের। দুইটি জয়ের পাশাপাশি প্রিমিয়ার ডিভিশন লিগে আপাতত একটি ড্র করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। এই ধারাবাহিকতা বজায় রেখেই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শুরু করার পরিকল্পনা ছিল মেহেরাজউদ্দিন ওয়াডুর ছেলেদের। সেইমতো দলকে তৈরি করেছিলেন এই ভারতীয় কোচ। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে সোমবার সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেমেছিল মহামেডান।
যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল বেনারসের বাঘপত এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় ব্ল্যাক প্যান্থার্সরা। এদিন সাদা-কালো জার্সিতে জোড়া গোল করেন রেমসাঙ্গা। এছাড়াও একটি করে গোল করেন ফারদিন আলি মোল্লা এবং ইসরাফিল দেওয়ান। যারফলে এই নয়া মরসুমে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। এদিন প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। প্রথমার্ধের মাঝামাঝি সময় গোল করে দলকে এগিয়ে দেন ফারদিন। যারফলে ১-০ গোলে এগিয়ে ছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। তারপর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এই ফুটবল দল।
৭৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল আসে রেমসাঙ্গার পা থেকে। সাত মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের গোলরক্ষককে নাস্তানাবুদ করে ব্যবধান আরও বাড়িয়ে দেন ইসরাফিল দেওয়ান। তারপর ৮৪ মিনিটের মাথায় প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সেই রেমসাঙ্গা। এই জয়ের সুবাদে যথেষ্ট খুশি সমর্থকরা।





