ফুটবল থেকে হলিউডের রূপোলি পর্দায় ক্রিশ্চিয়ানো! ওয়েব সিরিজে অভিনয় করবেন সিআরসেভেন

এবার ফুটবল থেকে হলিউডের রূপোলি পর্দায় ক্রিশ্চিয়ানো (Cristiano Ronaldo)! অ্যাকশন কাট আর লাইট-ক্যামেরার দুনিয়ায় জীবনের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করতে চলেছেন সিআরসেভেন। সবুজ গালিচার সীমানা ছাড়িয়ে…

Christiano Ronaldo

এবার ফুটবল থেকে হলিউডের রূপোলি পর্দায় ক্রিশ্চিয়ানো (Cristiano Ronaldo)! অ্যাকশন কাট আর লাইট-ক্যামেরার দুনিয়ায় জীবনের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করতে চলেছেন সিআরসেভেন। সবুজ গালিচার সীমানা ছাড়িয়ে পর্তুগিজ মহাতারকার নতুন গন্তব্য এখন গ্ল্যামার দুনিয়া।

ব্রিটিশ ফুটবল এবং ইংলিশ প্রিমিয়ার লিগের প্রেক্ষাপটে তৈরি হওয়া এক বহুচর্চিত ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে রোনাল্ডোকে। শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনেও এই প্রজেক্টের অন্যতম কাণ্ডারী স্বয়ং তিনি। ফুটবলের পাশাপাশি সম্প্রতি একটি প্রোডাকশন হাউস বা প্রযোজনা সংস্থাও খুলেছেন মহাতারকা। সেই সংস্থার ব্যানারেই নির্মিত হচ্ছে এই সিরিজ, যেখানে রোনাল্ডো রয়েছেন কার্যকরী প্রযোজকের (Executive Producer) ভূমিকায়।

Advertisements

ফুটবলপ্রেমীদের জন্য আরও বড় চমক হলো, এই সিরিজে রোনাল্ডোর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আর্সেনাল তথা ফরাসি ফুটবলের কিংবদন্তি থিয়েরি অঁরি। নিজের এই নতুন রূপান্তর প্রসঙ্গে উচ্ছ্বসিত রোনাল্ডো জানিয়েছেন, “আমার কাছে এটা অত্যন্ত রোমাঞ্চকর একটা বিষয়। জীবনের একটা নতুন দিগন্ত খুলে গেল। আমি বরাবরই নতুন কাজ করতে ভালবাসি।”

সিরিজের চিত্রনাট্য আবর্তিত হবে রোনাল্ডোর বিশ্ব ফুটবলে চূড়ান্ত উত্থান এবং পরিচিতির আঁতুড়ঘর ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ঘিরে। ওল্ড ট্র্যাফোর্ডে কাটানো তাঁর সেই রঙিন দিনগুলির গল্পই মূলত ফুটিয়ে তোলা হবে এই সিরিজে। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেললেও, ফুটবল কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে রয়েছেন ৪১ বছর বয়সি এই মহাতারকা।

আন্তর্জাতিক ফুটবল থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বুটজোড়া তুলে না রাখলেও, বয়সের ভার বলে দিচ্ছে অবসরের সময় সমাগত। আর ঠিক সেই সন্ধিক্ষণেই বিনোদন জগতে তাঁর এই পদার্পণ বুঝিয়ে দিল, মাঠের বাইরের জীবনেও নিজের সাম্রাজ্য বিস্তারে সম্পূর্ণ প্রস্তুত ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই নক্ষত্র।