রেলের বড় সাফল্য! রেল পুলিশের তৎপরতায় উদ্ধার একাধিক নাবালক

বিপদে পড়া শিশু ও যাত্রীদের সুরক্ষায় ধারাবাহিক নজরদারির মাধ্যমে চেষ্টা চালিয়ে অব্যাহত রেখেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)। জানা যাচ্ছে, ১৮ থেকে ২০…

বিপদে পড়া শিশু ও যাত্রীদের সুরক্ষায় ধারাবাহিক নজরদারির মাধ্যমে চেষ্টা চালিয়ে অব্যাহত রেখেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)। জানা যাচ্ছে, ১৮ থেকে ২০ জুলাই ২০২৬-এর মধ্যে, বিভিন্ন রেল স্টেশন ও ট্রেন থেকে বেশ কয়েকজন নাবালককে উদ্ধার করেছে আরপিএফ। শুধু উদ্ধার নয়, তাদের যথাযথ যত্ন ও পুনর্বাসনের দিকেও নজর দিয়েছে। উদ্ধারের পর সংশ্লিষ্ট শিশু কল্যাণ কমিটি, চাইল্ড হেল্পলাইন ও অন্যান্য অনুমোদিত সংস্থার কাছে সুরক্ষিতভাবে হস্তান্তর করেছে।

গত ১৮ই জুলাই, নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে ১২ বছর বয়সের একটি ছেলেকে উদ্ধার করে, আলিপুরদুয়ারের শিশু কল্যাণ কমিটির হাতে তুলে দেয় আরপিএফ। ১৯ শে জুলাই নিউ বঙাইগাঁওয়ে ভ্রমণরত চারজন নাবালিকা মেয়েকে উদ্ধার করে আরপিএফ। উদ্ধার করার পর তাদের সুরক্ষিতভাবে বঙাইগাঁওয়ের শিশু কল্যাণ কমিটির হাতে তুলে দেওয়া হয়। ওই একই দিনে, কিষাণগঞ্জে ১০ বছরের এক ছেলেকে উদ্ধার করে চাইল্ড হেল্প লাইন, কিষাণগঞ্জের হাতে তুলে দেয় আরপিএফ।

Advertisements

অপর দিকে, কাটিহার রেল স্টেশন থেকে ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করে চাইল্ড লাইন কাটিহারের হাতে তুলে দেন আরপিএফ কর্মীরা।

আরও একটি অভিযান চালিয়ে আরপিএফ-এর ট্রেন এসকর্ট পার্টি ভ্রমণরত ১৪ বছর বয়সের এক কিশোরীকে উদ্ধার করে। এরপর তাকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। এই অভিযানেই ১৮ বছর বয়সের এক তরুণকেও উদ্ধার করা হউ এবং তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।
২০ জুলাই, গোয়ালপাড়ায় ১৩ বছর বয়সের মেয়েকে উদ্ধার করে শিশু কল্যাণ কমিটি, গোয়ালপাড়ার কাছে হস্তান্তর করে আরপিএফ কর্মীরা। অন্য দিকে, আরপিএফ এবং এনজিও প্রতিনিধিরা যৌথভাবে কামাখ্যা রেল স্টেশনে ভ্রমণরত ১৬ বছর বয়সের এক কিশোরীকে উদ্ধার করে। তাকে পরে নিরাপদ আশ্রয়ের জন্য রেলওয়ে চাইল্ড লাইন, গুয়াহাটির কাছে হস্তান্তর করা হয়।

জানা যাচ্ছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন অবধি, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ বিভিন্ন রেলওয়ে স্টেশন ও ট্রেন থেকে মহিলা ও পুরুষসহ মোট ৪৩০ জন ব্যক্তিকে উদ্ধার করেছে।