নয়াদিল্লি: দেশের রাসায়নিক শিল্পকে আরও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত আউদ্যোগিক বিকাশ যোজনা রাসায়ন (BHAVYA-Rasayan) প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আওতায় দেশে ৩টি বিশেষ কেমিক্যাল পার্ক গড়ে তোলা হবে।
এই প্রকল্পের মোট আর্থিক বরাদ্দ ৩,০৩০ কোটি টাকা। এর মধ্যে ৩,০০০ কোটি টাকা ব্যয় করা হবে কেমিক্যাল পার্কগুলিতে সাধারণ পরিকাঠামো এবং প্রয়োজনীয় মৌলিক পরিষেবা গড়ে তোলার জন্য। বাকি ৩০ কোটি টাকা প্রশাসনিক খাতে বরাদ্দ রাখা হয়েছে। চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। কেন্দ্র জানিয়েছে, পাঁচ বছর ধরে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি কেমিক্যাল পার্কের জন্য কেন্দ্র সর্বোচ্চ ১,০০০ কোটি টাকা অনুদান দেবে। তবে যে রাজ্যে পার্কটি গড়ে উঠবে, সেই রাজ্য সরকারকে কমপক্ষে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।
Also Read | বাংলার আমূল হবে বিশ্বের সবচেয়ে বড় দই কারখানা! দাবি মোদী সরকারের
কেন্দ্রের দাবি, BHAVYA-Rasayan প্রকল্প দেশের রাসায়নিক শিল্পের পাশাপাশি এর আপস্ট্রিম, ডাউনস্ট্রিম এবং আনুষঙ্গিক শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই সঙ্গে শিল্পে সম্পদের আরও দক্ষ ব্যবহার নিশ্চিত করা হবে।
সরকারের মতে, কেমিক্যাল শিল্পের জন্য প্রয়োজনীয় একীভূত পরিকাঠামো ও সাধারণ পরিষেবা এক জায়গায় গড়ে তোলার ফলে উৎপাদন ব্যয় কমবে এবং ভারতীয় রাসায়নিক শিল্প আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
এছাড়া এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় রাসায়নিক শিল্পকে গ্লোবাল ভ্যালু চেইনের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর ফলে রপ্তানি বাড়বে এবং আমদানির উপর নির্ভরতাও কমবে বলে কেন্দ্রের আশা।
Also Read | হাসিনা ভারতে! তবুও চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ২০০ ব্রডগেজ রেলকোচ দিচ্ছে মোদীসরকার
পরিবেশ সুরক্ষার বিষয়টিও এই প্রকল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে। সরকার জানিয়েছে, প্রতিটি কেমিক্যাল পার্কে কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (CETP), বর্জ্য সংরক্ষণ ও নিষ্পত্তি ব্যবস্থা, এবং বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে। এর ফলে শিল্পোন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।
কেন্দ্রের মতে, এই প্রকল্প শুধু রাসায়নিক শিল্পের বিকাশই নয়, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Also Read | জুন মাসে ৫.১৪ বিলিয়নের রুশ তেল কিনে রেকর্ড মোদী সরকারের




