মেসি-এমবাপের মহাযুদ্ধে জিতবে কে? কী বলছে ফিফার নিয়ম জেনে নিন

বাবান আদক, কলকাতা ডেস্ক: ফাইনালে (FIFA World Cup) মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। কিন্তু লড়াই এখনও চলছে লিয়োনেল মেসি ও কিলিয়ান এমবাপের মধ্যে। ফুটবল বিশ্বকাপের মহোৎসব…

fifa-golden-boot-rules-messi-vs-mbappe-world-cup-2026

বাবান আদক, কলকাতা ডেস্ক: ফাইনালে (FIFA World Cup) মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। কিন্তু লড়াই এখনও চলছে লিয়োনেল মেসি ও কিলিয়ান এমবাপের মধ্যে। ফুটবল বিশ্বকাপের মহোৎসব একদম শেষ লগ্নে। বিশ্বজয়ের ট্রফির পাশাপাশি গোটা ক্রীড়াবিশ্বের নজর এখন আরও একটি মহারণের দিকে সোনার বুট বা গোল্ডেন বুটের হাড্ডাহাড্ডি লড়াই। লিয়োনেল মেসি নাকি কিলিয়ান এমবাপে? কার পায়ে উঠবে এই রাজকীয় সম্মান?

এবারের গোল্ডেন বুটের লড়াই যেন রোমাঞ্চের নিরিখে আগের সব বিশ্বকাপকে ছাপিয়ে গিয়েছে। কারণ, লড়াইয়ে শুধু এই দুই মহাতারকাই নন, পরিসংখ্যানের অঙ্কে টিকে রয়েছেন আরও চারজন ফুটবলার। আর এই জটিল সমীকরণের ফয়সালা হতে পারে ফিফার এক দারুণ নিয়মে।

আরও পড়ুন: নন্দনের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ আয়োজন

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় এখন যুগ্মভাবে শীর্ষে রয়েছেন মেসি এবং এমবাপে। দু’জনেরই ঝুলিতে রয়েছে আটটি করে গোল। তবে আপাতত গোল্ডেন বুটের তালিকায় এক নম্বর জায়গাটি দখল করে রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। কারণ, তাঁর নামের পাশে রয়েছে চারটি অ্যাসিস্ট, যেখানে এমবাপের অ্যাসিস্ট সংখ্যা তিনটি।

তবে লড়াইয়ে এই দু’জন ছাড়াও রয়েছেন আরও চারজন, যাঁদের সামনে এখনও একটি করে ম্যাচ বাকি। ইংল্যান্ডের হ্যারি কেন এবং জুড বেলিংহ্যাম (দু’জনেরই ছ’টি গোল ও একটি অ্যাসিস্ট), ফ্রান্সের উসমান দেম্বেলে (পাঁচটি গোল ও দু’টি অ্যাসিস্ট) এবং স্পেনের মিকেল ওয়ারজাবাল (পাঁচটি গোল ও একটি অ্যাসিস্ট)। খাতায়-কলমে এই ছ’জনের সামনেই সোনার বুট জয়ের সুযোগ রয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী, একাধিক ফুটবলারের গোল সংখ্যা সমান হলে বিচার করা হয় অ্যাসিস্টের সংখ্যা। যাঁর সতীর্থকে দিয়ে গোল করানোর পরিসংখ্যান ভালো, তিনিই জেতেন সোনার বুট। কিন্তু যদি গোল এবং অ্যাসিস্ট দু’টোই সমান হয়ে যায়, তখন কী হবে?

আরও পড়ুন:পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

এবারের প্রতিযোগিতার যা পরিস্থিতি, তাতে শেষ ম্যাচে এমবাপে একটি অ্যাসিস্ট করলে মেসি এবং এমবাপে দু’জনেরই গোল (আট) এবং অ্যাসিস্ট (চার) সমান হয়ে যাবে। ঠিক এই জায়গাতেই কার্যকর হবে ফিফার নতুন নিয়ম। তখন বিচার করা হবে কোন ফুটবলার বিশ্বকাপে মোট কত মিনিট মাঠে কাটিয়েছেন। তবে চমক হলো, যে ফুটবলার কম সময় মাঠে থেকেছেন, তিনি জিতে যাবেন সোনার বুট। কারণ, কম সময় খেলে তাঁর গোল ও অ্যাসিস্ট অপর জনের সমান হওয়ায় তাঁর কৃতিত্ব বেশি ধরা হবে। তাই সোনার বুটের এই লড়াইয়ের দিকে চোখ থাকবে বিশ্বের।