কলকাতা: রাজ্য পুলিশ প্রশাসনে এক ব্যাপক রদবদল করল নবান্ন। মঙ্গলবার এক নির্দেশিকায় ৩৩ জন আইপিএস (IPS) এবং ডব্লিউবিপিএস (WBPS) আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ।
এই তালিকায় সবচেয়ে চর্চিত বিষয় হল সিআইডি (CID)-র শীর্ষপদে পরিবর্তন। এতদিন সিআইডি-র এডিজি পদে থাকা সুপ্রতিম সরকারকে সেই দায়িত্ব থেকে সরিয়ে টেলিকমিউনিকেশন বিভাগের এডিজি করা হয়েছে। নতুন এডিজি (সিআইডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন নটরাজন রমেশ বাবু। এতদিন তিনি ডিজি, কারেকশনাল সার্ভিসেস-এর দায়িত্বে ছিলেন। এখন থেকে তিনি সিআইডি-র পাশাপাশি কারা পরিষেবার ডিজি-র দায়িত্বও সামলাবেন।
বিধাননগর পুলিশ কমিশনারেটেও বড় বদল এনেছে নবান্ন। বিধাননগরের নতুন কমিশনার (সিপি) হিসেবে নিযুক্ত হয়েছেন অমিত কুমার রাঠৌর। এতদিন এই দায়িত্বে থাকা ত্রিপুরারি অথর্বকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে ট্র্যাফিক অ্যান্ড রোড সেফটির এডিজি পদে পাঠানো হয়েছে।
একনজরে অন্যান্য উল্লেখযোগ্য রদবদল
বিশাল গর্গ: এডিজি ও আইজিপি (আইবি) পদে নিযুক্ত হয়েছেন।
প্রবীণ ত্রিপাঠী: আইজিপি এসটিএফ থেকে সরিয়ে তাঁকে আইজি (হোমগার্ড) করা হয়েছে।
সুধীরকুমার নীলকান্তম: নতুন আইজি, এসটিএফ হয়েছেন।
সুকেশকুমার জৈন: নিযুক্ত হয়েছেন আইজিপি (উত্তরবঙ্গ) পদে।
ওয়াই শ্রীকান্ত জগন্নাথ রাও: প্রতীক্ষা ঝরখরিয়ার জায়গায় দার্জিলিংয়ের নতুন এসপি হয়েছেন।
মনীশ যোশী: কোচবিহারের এসপি হিসেবে যোগ দিচ্ছেন।
বারুইপুর পুলিশ জেলা: অতীশ বিশ্বাস হয়েছেন অ্যাডিশনাল এসপি (জোনাল)। পিনাকী দত্তকে সরিয়ে ওই পদে আনা হয়েছে তাঁকে। পিনাকীবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডিশনাল এসপি, ডিআইবি হিসেবে।
প্রশাসনিক সূত্রে খবর, নির্বাচন-পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসনের একাংশের মতে, সুপ্রতিম সরকারের মতো হাই-প্রোফাইল অফিসারের বদলি এবং সিআইডি প্রধানের পদক্ষেপে বড়সড় রদবদল প্রশাসনিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।





