কলকাতা: রাজ্যের ক্ষমতায় পরিবর্তনের পর তৃণমূল জমানার আরও এক সিদ্ধান্তের বদল ঘটাল শুভেন্দু অধিকারী সরকার। গত কয়েক বছর ধরে ১৬ অগাস্ট রাজ্য জুড়ে যে ‘খেলা হবে’ দিবস পালিত হতো, তা আর পালিত হবে না। পরিবর্তে ওই দিনটি এখন থেকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালিত হবে বলে রবিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (suvendu adhikari announces 16 august to observed as ayushman diwas)
কেন এই বদল?
রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই ১৬ অগাস্টের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “১৬ অগাস্ট কলকাতার ইতিহাসের এক ভয়ঙ্কর দিন। ১৯৪৬ সালের এই দিনেই সুরাবর্দির নেতৃত্বে ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ বা ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। সেই শোকাবহ দিনটিকে ‘খেলা হবে’ দিবস হিসেবে পালন করা তৃণমূলের সরকারের একটি ভুল সিদ্ধান্ত ছিল। আমাদের সরকার সেই ঐতিহ্যের বদল ঘটিয়ে দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।”
আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা
এই ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন রূপরেখা তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণকারী অন্যরাও এই সুবিধার আওতায় আসবেন। যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাঁদের জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা’ চালু থাকবে বলেও জানান তিনি।
পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আগের সরকার ৫০০ টাকার সুবিধা পৌঁছে দিতে নয় মাস সময় নিয়েছিল। আমাদের সরকার মাত্র দেড় মাসে ১ কোটি ২০ লক্ষ মানুষের কাছে অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দিয়েছে। সরকারি প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও নিয়ম থাকা প্রয়োজন। তাই যোগ্য উপভোক্তারা সুবিধা পেলেও অযোগ্যরা এই তালিকা থেকে বাদ যাবেন।”
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জনপ্রিয় স্লোগান ছিল ‘খেলা হবে’। সেই জনপ্রিয়তাকে ধরে রাখতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ অগাস্টকে এই দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। তবে বর্তমান সরকারের দাবি, ১৯৪৬ সালের সেই কালো অধ্যায়ের স্মৃতিকে সম্মান জানিয়েই এই দিনটির নামকরণের পরিবর্তন করা হয়েছে।
৩ বছরে ১৬০ কোটি দিয়ে বিমান কিনেছেন মমতা? আর্থিক তছরুপের তদন্তে ইডি
খুনিদের সঙ্গে বসে চা খাবো না! বৈঠক ছেড়ে কেন বেরিয়ে এলেন বিজেপি বিধায়ক?




