আসল তৃণমূল কারা? ‘কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল (Ritabrata Banerjee)? বিধানসভা নির্বাচনের পর তৃণমূল দুই শিবিরে বিভক্ত। তৃণমূলে ভাঙন ধরার পর থেকেই উঠছে প্রশ্ন – এই দুইয়ের মধ্যে আসল তৃণমূল কারা? এমতাবস্থায়, রবিবার সাংবাদিক বৈঠিক করে ঋতব্রত দাবি করেন যে গত ২২ জুন তাঁদের গঠন করা কমিটিই হল তৃণমূলের একমাত্র বৈধ কমিটি। সঙ্গে আলিপুর আদালতের নির্দেশনাম তুলে ধরেন ঋতব্রত। তিনি আরও জানান তাঁদের কমিটি ছাড়া অন্য কোনও কমিটি নিজেদের তৃণমূল কংগ্রেস বলে দাবি করতে পারে না।
সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বলেন যে গত ২২ জুনের তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূলের চেয়ারম্যান নির্বাচিত হন অরূপ রায়। এদিন তিনি জানান যে অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটিই তৃণমূলের আইনত একমাত্র বৈধ কমিটি বলে আদালত জানিয়েছে। বিধানসভার বিরোধী দলনেতার কথায়, “সাধারণ তৃণমূল কর্মীরা আলিপুর আদালতে একটি মামলা করেছিলেন। সেই মামলার রায়েই বলা হয়েছে, ২২ জুন যে কমিটি গঠন করা হয়েছে, তা একমাত্র আইনগত বৈধ কমিটি।”
ঋতব্রত আরও বলেন, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটি বাদে অন্য কেউ নিজেদের পদাধিকারী বললে সেটা মান্যতা পাবে না। পার্টি চালানোর ক্ষেত্রে অবৈধ। দল নিয়ে কোনও নির্দেশ দেওয়া যাবে না। অন্য কেউ পার্টির রেকর্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, ফান্ড, সম্পত্তি ব্যবহার করতে পারবে না।”
গত কয়েকদিন ধরে জল্পনা চলছে যে কলকাতার মেট্রোপলিটনে তৃণমূল কংগ্রেস ভবন কার দখলে থাকবে। এই ভবন সংক্রান্ত বিষয়ে ঋতব্রত বলেন, “অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বাদে অন্য কেউ মেট্রোপলিটনে তৃণমূল ভবন ব্যবহার করতে পারবে না।” তিনি বলেন, মেট্রোপলিটন-সহ তৃণমূলের অন্য পার্টি অফিসগুলিতে বাইরের কেউ ঢুকতে গেলে তা আইনত অবৈধ।





