বৃহস্পতিতেই ঘুরল ভাগ্যের চাকা! রাজ্যসভায় বিজেপির প্রার্থী সুখেন্দু-সুস্মিতা, প্রকাশ

বিজেপিতে (BJP)যোগ দিয়েই রাজ্যসভার প্রার্থী হিসেবে শিকে ছিঁড়ল সুখেন্দু শেখরের। সঙ্গে প্রার্থী পদ পেয়েছেন সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বারিক। বৃহস্পতিবার বিকেলেই বিজেপিতে যোগ দিয়েছেন…

bjp-rajya-sabha-candidates

বিজেপিতে (BJP)যোগ দিয়েই রাজ্যসভার প্রার্থী হিসেবে শিকে ছিঁড়ল সুখেন্দু শেখরের। সঙ্গে প্রার্থী পদ পেয়েছেন সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বারিক। বৃহস্পতিবার বিকেলেই বিজেপিতে যোগ দিয়েছেন সুখেন্দু এবং সুস্মিতা।

বৃহস্পতিবার বিকেলে কলকাতার সল্টলেকে রাজ্য বিজেপির দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দেন এই তিন নেতা। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তাঁরা বিজেপিতে যোগ দেন। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতি করা এই তিন নেতার একসঙ্গে দলত্যাগ রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

দলবদলের পর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়, বিজেপি কি তাঁদের গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব দিতে চলেছে? সেই জল্পনার অবসান হয় বৃহস্পতিবার রাতেই। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহের স্বাক্ষরিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গ থেকে আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বারিক।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই তিন নেতার রাজ্যসভার আসনই তাঁদের পদত্যাগের ফলে শূন্য হয়েছিল। অর্থাৎ, যে আসনগুলি তাঁরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে দখলে রেখেছিলেন, এবার সেই একই আসনে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে বিজেপি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে, অভিজ্ঞ সংসদ সদস্যদের কাজে লাগিয়ে সংসদের উচ্চকক্ষে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চায় দল।

সুখেন্দু শেখর রায় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ ছিলেন এবং সংসদীয় রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা যথেষ্ট সমৃদ্ধ। সুস্মিতা দেবও জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ। অতীতে কংগ্রেসে থাকার পর তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং পরে রাজ্যসভার সাংসদ হন। প্রকাশ চিক বারিকও তৃণমূলের হয়ে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেছেন। ফলে এই তিন নেতার একযোগে বিজেপিতে যোগদানকে শুধু দলবদল নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।