বাবান আদক, কলকাতা: ঘরোয়া ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার এশিয়ার মঞ্চে কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে ভারতের দুই ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal) এফসি এবং এফসি গোয়া।
দেশের মাটিতে আইএসএল এবং এআইএফএফ সুপার কাপের পাট চুকিয়ে এবার তাদের সামনে লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু। ২০২৬-২৭-এর মূল পর্বে জায়গা করে নেওয়া। তবে আন্তর্জাতিক স্তরে ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থার কথা মাথায় রাখলে এই লড়াই যে একেবারেই সহজ হবে না, তা বলাই বাহুল্য।
Also Read | জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,
আগামী ১২ অগাস্ট প্রিলিমিনারি স্টেজের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কঠিন ম্যাচে মাঠে নামছে ভারতের এই দুই ক্লাব। নিয়ম অনুযায়ী, এই ম্যাচ জিততে পারলেই মিলবে টুর্নামেন্টের গ্রুপ পর্বের টিকিট। কিন্তু প্রতিপক্ষ হিসেবে যাদের সামনে পাচ্ছে তারা, সেই দলগুলো রীতিমতো শক্তিশালী। লাল হলুদ ব্রিগেডকে অ্যাওয়ে ম্যাচে লড়তে হবে কুয়েতের পরিচিত ক্লাব আল আরবি এসসির বিরুদ্ধে। অন্যদিকে, এফসি গোয়ার সামনে রয়েছে তুর্কমেনিস্তানের শক্তিশালী প্রতিপক্ষ এফসি আরকাদাগ।
Also Read | বিশ্বকাপের নকআউটে টিকিটের দামে ধস, মেসির আর্জেন্টিনাতেই ভরসা সমর্থকদের
কুয়েত বা তুর্কমেনিস্তানের ফুটবল কাঠামোর তুলনায় ভারতীয় ফুটবল সার্বিকভাবে এখনও অনেকটাই পিছিয়ে। তাই এশিয়ার এই প্রতিযোগিতামূলক মঞ্চে নিজেদের প্রমাণ করাটা ইস্টবেঙ্গল এবং গোয়া উভয় দলের কাছেই একটি বড়সড় বাস্তব চ্যালেঞ্জ। কুয়েত ও তুর্কমেনিস্তানের ক্লাবগুলোর উন্নত টেকনিক্যাল দক্ষতা, ফিটনেস এবং গতির সঙ্গে তাল মিলিয়ে ভারতের ক্লাব দুটি কতটা লড়াই করতে পারে, সেটাই এখন আসল দেখার বিষয়।
গ্রুপ পর্বে ওঠার এই কঠিন লড়াইয়ে অলৌকিক কিছুর আশা না করে, নিজেদের সেরা ফুটবলটুকু তুলে ধরাই এখন লক্ষ্য হওয়া উচিত এই দুই দলের। আপাতত ১২ অগাস্টের এই জোড়া ম্যাচের দিকে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়েই তাকিয়ে রয়েছেন দেশের ফুটবলপ্রেমীরা।





