মেট্রোয় অসভ্যতা? বিনা টিকিটে যাতায়াত বা ধূমপান? দিতে হবে মোটা জরিমানা

কলকাতা: দূরপাল্লার ও লোকাল ট্রেনের পর এবার কলকাতা মেট্রোতেও যাত্রীদের নিয়মশৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ গ্রহণ করল কর্তৃপক্ষ। মেট্রো চত্বরে বিনা টিকিটে যাতায়াত, ধূমপান, অশোভন আচরণ…

kolkata-metro-fine-rules

কলকাতা: দূরপাল্লার ও লোকাল ট্রেনের পর এবার কলকাতা মেট্রোতেও যাত্রীদের নিয়মশৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ গ্রহণ করল কর্তৃপক্ষ। মেট্রো চত্বরে বিনা টিকিটে যাতায়াত, ধূমপান, অশোভন আচরণ বা নিষিদ্ধ এলাকায় প্রবেশের মতো অপরাধে এখন থেকে যাত্রীদের গুনতে হবে আগের চেয়ে অনেক বেশি জরিমানা। মূলত ‘জন বিশ্বাস আইন, ২০২৬’-এর আওতায় এই নতুন জরিমানার বিধি কার্যকর করা হচ্ছে। ইতিমধ্যেই যাত্রীদের সচেতন করতে বিভিন্ন মেট্রো স্টেশনে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙানোর কাজ শুরু হয়েছে।

বিনা টিকিটে যাত্রায় কড়া নজর

নতুন নিয়ম অনুযায়ী, বিনা টিকিটে মেট্রোয় ভ্রমণ করলে জরিমানার অঙ্ক ২৫০ টাকা থেকে বাড়িয়ে একলাফে ৫০০ টাকা করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্বে যাতায়াত করা বা স্মার্ট গেটে একজন যাত্রীর সঙ্গে অন্যজনের পার হয়ে যাওয়ার মতো ঘটনাও ‘বিনা টিকিটে যাত্রা’ হিসেবেই গণ্য করা হবে এবং সমপরিমাণ জরিমানা আদায় করা হবে।

ধূমপান ও অশোভন আচরণে কড়া শাস্তি

মেট্রোর কোচ, প্ল্যাটফর্ম বা ভূগর্ভস্থ স্টেশনের কোনো অংশে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে ২,০০০ টাকা জরিমানা করা হবে। পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট যাত্রীর টিকিট বা স্মার্ট কার্ডও বাজেয়াপ্ত করতে পারে কর্তৃপক্ষ। কেউ জরিমানা দিতে অস্বীকার করলে তাঁকে আদালতে পেশ করা হবে, যেখানে জরিমানার অঙ্ক বেড়ে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

পাশাপাশি, মদ্যপ অবস্থায় সহযাত্রীদের বিরক্ত করলে অভিযুক্ত ব্যক্তিকে অবিলম্বে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় শাস্তিরই বিধান রাখা হয়েছে। মেট্রো চত্বরে অশালীন ভাষা প্রয়োগ বা অন্য যাত্রীদের অসুবিধার কারণ হলে ২৫০ টাকা জরিমানা করা হতে পারে এবং ওই যাত্রীর পাস বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষের হাতে থাকবে।

নিষিদ্ধ এলাকায় প্রবেশ ও কর্মীদের জন্য বিধি

অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা অন্য কোনো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা করা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় শাস্তি হতে পারে। যাত্রীদের পাশাপাশি মেট্রো কর্মীদের জন্যও রয়েছে কড়া নির্দেশিকা। কর্তব্য পালনকালে কোনো কর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে তাঁর বিরুদ্ধে এক বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয় শাস্তির ব্যবস্থা রয়েছে এই নতুন আইনে।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থা সুনিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ। সমস্ত যাত্রীর কাছে নিয়ম মেনে চলার এবং মেট্রো প্রশাসনকে সর্বতোভাবে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।