প্রথমবার মেয়ের সঙ্গে ‘নাকাব’! ২৫ বছর পর মঞ্চে নওয়াজউদ্দিন

‘নাকাব’ নাটকে ২৫ বছর পর থিয়েটারে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। একই প্রযোজনায় প্রথমবার অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর মেয়ে শোরা সিদ্দিকীর।

nawazuddin-siddiqui-returns-to-theatre-with-daughter-shora-naqab

মুম্বই: দীর্ঘ ২৫ বছর পর আবার থিয়েটারের মঞ্চে ফিরছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui )। নতুন নাটক ‘নাকাব’-এর মাধ্যমে শুধু মঞ্চেই প্রত্যাবর্তন নয়, প্রথমবার নিজের মেয়ে শোরা সিদ্দিকীর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিতে চলেছেন তিনি। ফলে এই প্রযোজনা ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

সাসপেন্স, কমেডি এবং নাটকীয় মোড়ে ভরপুর ‘নাকাব’ খুব শীঘ্রই মঞ্চস্থ হতে চলেছে।

   

২৫ বছর পর ‘ঘরে ফেরার’ অনুভূতি

বলিউডে সাফল্য পাওয়ার আগে বহু বছর থিয়েটারে কাজ করেছেন নওয়াজউদ্দিন। তাই এতদিন পর আবার মঞ্চে ফেরার অভিজ্ঞতাকে তিনি নিজের শিকড়ে ফিরে আসার সঙ্গে তুলনা করেছেন।

অভিনেতার কথায়, “থিয়েটার আমাকে সততা, ধৈর্য এবং শুধুমাত্র নিজের শিল্পসত্তার জোরে দর্শকদের সামনে দাঁড়ানোর সাহস শিখিয়েছে। প্রায় ২৫ বছর পর আবার মঞ্চে ফেরা যেন নিজের ঘরে ফিরে আসার মতো অনুভূতি।”

প্রথমবার বাবার সঙ্গে মঞ্চে শোরা

এই নাটকের অন্যতম বড় আকর্ষণ নওয়াজউদ্দিনের মেয়ে শোরা সিদ্দিকীর অভিনয়ে আত্মপ্রকাশ। বাবার সঙ্গে একই মঞ্চে তাঁর প্রথম অভিনয় নিয়েও উচ্ছ্বসিত অভিনেতা।

তিনি বলেন, “এই সফরটিকে আরও আবেগঘন করে তুলেছে একটি বিষয়। আমার মেয়ে তার অভিনয়জীবন শুরু করছে, আর সেই যাত্রার শুরুতেই আমি তার সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিতে পারছি। এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে!”

‘নাকাব’ ঘিরে বাড়ছে প্রত্যাশা

নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো শক্তিশালী অভিনেতার দীর্ঘ বিরতির পর থিয়েটারে প্রত্যাবর্তন এবং তাঁর মেয়ের অভিনয়ে অভিষেক, দুই কারণেই ‘নাকাব’ এখন নাট্যপ্রেমীদের আলোচনার কেন্দ্রে।

থিয়েটার মহলের আশা, রহস্য, হাস্যরস এবং আবেগে ভরপুর এই প্রযোজনা দর্শকদের কাছে বিশেষ আকর্ষণের হয়ে উঠবে। এখন শুধু পর্দা ওঠার অপেক্ষা।