কোচিংয়ের হটসিটে জাদুকর! মেদিনীপুরের মাটির গন্ধ মেখে ব্যারেটোর হাতে নতুন ভোর

বাবান আদক, কলকাতা: ফুটবলার হিসেবে বহু সাফল্য পেয়েছেন। ময়দানে তাঁর পায়ের জাদুতে একসময় মুগ্ধ হয়েছে আপামর বাঙালি। কিন্তু এবার আর খেলোয়াড় হিসেবে নয়, কোচ হিসেবে…

Jose Barreto-george-telegraph-tamluk-khelaghar-kolkata-league

বাবান আদক, কলকাতা: ফুটবলার হিসেবে বহু সাফল্য পেয়েছেন। ময়দানে তাঁর পায়ের জাদুতে একসময় মুগ্ধ হয়েছে আপামর বাঙালি। কিন্তু এবার আর খেলোয়াড় হিসেবে নয়, কোচ হিসেবে নতুন ফুটবলার তুলে আনতে চলেছেন সবুজ-মেরুন জনতার প্রিয় ‘সবুজ তোতা’ হোসে রেমিরেজ ব্যারেটো (Jose Barreto)। তাঁর জহুরির চোখ দিয়েই এবার উঠে আসবে পূর্ব মেদিনীপুরের একঝাঁক তরতাজা প্রতিভা।

আসন্ন কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে এবার দেখা যাবে এক অভিনব গাঁটছড়া। কলকাতার শতাব্দীপ্রাচীন জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের সঙ্গে হাত মিলিয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক খেলাঘর। এই যৌথ দলের প্রধান কোচের গুরুদায়িত্ব সামলাবেন স্বয়ং ব্যারেটো। তাঁকে যোগ্য সঙ্গত দেবেন সহকারী কোচ সুমন দত্ত।

   

তমলুকে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন মরশুমের জন্য ফুটবলারদের হাতে দলের জার্সি তুলে দেওয়া হয়। এই ঐতিহাসিক মেলবন্ধনের সাক্ষী থাকতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়দানের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। জর্জ টেলিগ্রাফের পক্ষে উপস্থিত ছিলেন দলের সভাপতি সুব্রত দত্ত এবং যুগ্ম সচিব অনিন্দ্য দত্ত (যিনি কিংবদন্তি ফুটবল প্রশাসক প্রয়াত প্রদ্যুৎ দত্তর কনিষ্ঠ পুত্র)। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত এবং তমলুক খেলাঘরের সভাপতি সুব্রত জানা।

ব্যারেটোর মতো একজন কিংবদন্তির কোচিংয়ে খেলার সুযোগ পাওয়া জেলার তরুণ ফুটবলারদের জন্য এক বিশাল প্রাপ্তি। জর্জ টেলিগ্রাফ ও তমলুক খেলাঘরের এই যৌথ উদ্যোগ শুধু কলকাতা লিগেই নয়, বরং জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সত্যিকারের প্রতিভা তুলে আনার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিল। আগামী দিনে ব্যারেটোর হাত ধরে ময়দান নতুন কোনো তারকার খোঁজ পায় কি না, এখন সেদিকেই তাকিয়ে ফুটবলপ্রেমীরা।