পারমিতা রায়, শিলিগুড়ি: উত্তরবঙ্গে বর্ষার দাপট বাড়তেই ফের প্রকৃতির রোষের মুখে পড়ল পাহাড়ি সড়কপথ। বৃহস্পতিবার ভোরে সেবক কালীবাড়ি ও ঐতিহাসিক করোনেশন ব্রিজের মাঝামাঝি এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কে বিশাল ধস নামায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল। এর জেরে শিলিগুড়ির (Siliguri ) সঙ্গে সিকিম, কালিম্পং এবং ডুয়ার্সের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে পাহাড়ের ওপর থেকে বিপুল পরিমাণ মাটি, পাথর ও ধ্বংসাবশেষ হুড়মুড়িয়ে জাতীয় সড়কের উপর নেমে আসে। মুহূর্তের মধ্যেই রাস্তার একটি বড় অংশ ঢেকে যায়, ফলে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় সড়কের দু’প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শত শত যাত্রীবাহী গাড়ি, পর্যটকদের যানবাহন এবং পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী, পর্যটক এবং ব্যবসায়ীরা।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ধস সরানোর কাজে নেমেছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)। জেসিবি ও ভারী যন্ত্রপাতি দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধসের পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় রাস্তা সম্পূর্ণ পরিষ্কার করতে এবং যান চলাচল স্বাভাবিক করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হতে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এদিকে, দুর্ঘটনা এড়াতে এবং যানজট নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে। প্রয়োজন ছাড়া আপাতত এই রুট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিকিম ও কালিম্পং যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ হল ১০ নম্বর জাতীয় সড়ক। বর্ষাকালে এই এলাকায় ধসের ঘটনা নতুন নয়। তবে এবারের ধসের ফলে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের যোগাযোগে বড়সড় প্রভাব পড়েছে।



