নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের (Rohit Sharma)ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক এবং বিশ্বের অন্যতম সেরা ব্যাটার রোহিত শর্মার মুকুটে এবার যুক্ত হল আরও এক সম্মানের পালক। দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ পেলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত দ্বিতীয় সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যবাহী দরবার হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিত্ব। সেই মঞ্চেই ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে রোহিত শর্মার হাতে পদ্মশ্রী তুলে দেন রাষ্ট্রপতি।
আরও দেখুনঃ PoK-র দায় ভারতের? পাক দাবি নস্যাৎ করে কড়া জবাব ভারতের
চলতি বছরের ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্র সরকার ২০২৬ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করেছিল। মোট ১৩১ জন বিশিষ্ট ব্যক্তির নাম সেই তালিকায় স্থান পায়। তাঁদের মধ্যেই ছিলেন রোহিত শর্মা। দীর্ঘ ক্রিকেট জীবনে দেশের জন্য তাঁর অবদান, অসাধারণ ব্যাটিং রেকর্ড এবং নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে।
রোহিত শর্মার ক্রিকেট কেরিয়ার পরিসংখ্যানের দিক থেকে যেমন অনন্য, তেমনই নেতৃত্বের ক্ষেত্রেও তিনি নিজের ছাপ রেখে গিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজারেরও বেশি রান সংগ্রহ করেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি দ্বিশতরান করার বিরল কৃতিত্ব এখনও তাঁর নামের পাশে রয়েছে, যা বিশ্ব ক্রিকেটে এক অনন্য রেকর্ড। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা এবং বড় মঞ্চে ম্যাচ জেতানোর ক্ষমতা তাঁকে আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তবে শুধু ব্যাটার হিসেবেই নয়, অধিনায়ক হিসেবেও রোহিতের সাফল্য উল্লেখযোগ্য। তাঁর নেতৃত্বে ভারতীয় দল ২০২৪ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপ জয় করে। এরপর ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও ভারতের ঘরে আসে। বড় টুর্নামেন্টে দলকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর কৌশলগত সিদ্ধান্ত এবং শান্ত নেতৃত্ব প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটবিশ্বে।
রোহিত শর্মার পদ্মশ্রী প্রাপ্তির খবরে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রীড়া সংগঠক এবং অসংখ্য সমর্থক। অনেকেই মনে করছেন, ভারতীয় ক্রিকেটে তাঁর দীর্ঘ অবদান এবং দেশের জন্য অর্জিত সাফল্যের যথার্থ স্বীকৃতি এই সম্মান।
এদিন ক্রীড়াক্ষেত্র থেকে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকেও পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমারও রাষ্ট্রপতি ভবনে এই সম্মান গ্রহণ করেন। তাঁদের ক্রীড়া জীবনের অসামান্য সাফল্য এবং দেশের জন্য গৌরব বয়ে আনার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে।



