‘দেশটা ধর্মশালা নয়’! কংগ্রেসকে তুলোধোনা, অনুপ্রবেশকারী তাড়ানোর হুঁশিয়ারি শাহের

কোলহাপুর: অনুপ্রবেশকারীদের নিজেদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে রাজনীতিতে টিকে থাকতে চাইছে কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের দল। মহারাষ্ট্রের কোলহাপুরে এক জনসভায় দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশে ঠিক এই…

Amit Shah Slams Congress

কোলহাপুর: অনুপ্রবেশকারীদের নিজেদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে রাজনীতিতে টিকে থাকতে চাইছে কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের দল। মহারাষ্ট্রের কোলহাপুরে এক জনসভায় দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশে ঠিক এই ভাষাতেই তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভার ছ’জন সাংসদের বিদ্রোহের কারণে শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) অন্দরে যখন কার্যত ডামাডোল চলছে, সেই আবহেই শাহের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ( Amit Shah Slams Congress )

অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে এ দিন শাহ স্পষ্ট জানান, “উদ্ধব এখন কংগ্রেসের কোলে বসে রয়েছেন। এরা অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে টিকে থাকতে চায়।” বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারির সুরে তিনি আরও বলেন, “দেশটা কোনও ধর্মশালা নয়। যাঁদের এই দেশে জন্ম হয়েছে, একমাত্র তাঁরাই এখানে থাকবেন।” প্রসঙ্গত, জাতীয় নিরাপত্তা ও জনবিন্যাসের প্রশ্নে অবৈধ অনুপ্রবেশ নিয়ে বরাবরই কড়া অবস্থান নিয়ে এসেছে কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ সরকার। শাহের কথাতেও এ দিন সেই কড়া সুরই শোনা গিয়েছে।

   

অন্য দিকে, উদ্ধব শিবিরে ভাঙনের জল্পনা উসকে মারাঠা রাজনীতিতে এখন জোর চর্চা চলছে ‘অপারেশন টাইগার’ নিয়ে। সেই প্রসঙ্গ টেনে এনে উদ্ধবকে তীব্র কটাক্ষ করেন শাহ। তিনি বলেন, “আগে আমাদের একনাথ শিন্ডের গোষ্ঠীকে আলাদা করে বোঝাতে ‘শিন্ডে শিবির’ বলতে হত। এখন আর আলাদা কোনও গোষ্ঠী নেই, শিবসেনা একটাই।”

২০২২ সালে একনাথ শিন্ডের বিদ্রোহের জেরে পতন হয়েছিল মহা বিকাশ আঘাডী সরকারের। সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্ধবের দল ফের এক বড়সড় ভাঙনের মুখে। গত বৃহস্পতিবার দলের ডাকা একটি গুরুত্বপূর্ণ সংসদীয় বৈঠক বয়কট করেন শিবসেনার (ইউবিটি) ছ’জন সাংসদ। দলের নেতা অনিল দেশাই জানিয়েছেন, ওই বিদ্রোহী সাংসদদের অনুপস্থিতির কারণ জানতে চেয়ে ইতিমধ্যেই শোকজ নোটিস পাঠানো হয়েছে। তাঁর কথায়, “হুইপ অমান্য করা এবং শোকজের জবাব না দেওয়ার অর্থ হল, ওই সাংসদরা স্বেচ্ছায় নিজেদের সদস্যপদ ত্যাগ করছেন। জবাব না মিললে আমরা আদালতের দ্বারস্থ হব।”