কলকাতা: রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর বিতর্কে কলকাতার অন্যতম হেভিওয়েট দুর্গাপুজো কমিটি নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘ। এ বার খোদ ক্লাব কর্তৃপক্ষকে দ্রুত জমি খালি করার নোটিস ধরাল ভারতীয় জীবন বিমা নিগম (LIC)। অভিযোগ, এলআইসি-র ২১ কাঠা জমি জবরদখল করে বছরের পর বছর ধরে দুর্গাপুজো করে আসছিল ওই পুজো কমিটি। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে ওই জমি খালি না করলে কড়া আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিমা সংস্থার তরফে। (LIC Issues Eviction Notice to Suruchi Sangha)
কী বলা হয়েছে নোটিসে?
এলআইসি-র তরফে ইতিমধ্যেই সুরুচি সঙ্ঘের দেওয়ালে জমি খালি করার নির্দেশিকা সম্বলিত একটি নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে। বিমা সংস্থার অভিযোগ, এর আগে একাধিকবার ক্লাব কর্তৃপক্ষের কাছে নিজেদের জমি ফেরত চেয়ে আবেদন করা হলেও কোনও লাভ হয়নি। বাধ্য হয়েই এবার কড়া পদক্ষেপ করেছে তারা, দ্বারস্থ হয়েছে আলিপুর থানার। নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ ১৮ জুলাইয়ের মধ্যে ওই ২১ কাঠা জায়গা ছেড়ে না দিলে আইনি পথে হাঁটতে বাধ্য হবে এলআইসি।
‘বিশ্বাস ব্রাদার্স’ এবং সুরুচির অতীত গরিমা
কলকাতার থিম পুজোর ইতিহাসে এবং জনপ্রিয়তার নিরিখে একেবারে প্রথম সারিতে নাম রয়েছে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের। সাধারণ মানুষের কাছে এই পুজো মূলত রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের পুজো, অর্থাৎ ‘বিশ্বাস ব্রাদার্স’-এর পুজো হিসেবেই পরিচিত। গত বেশ কয়েক বছর ধরে এই মেগা পুজোর উদ্বোধন করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর দিনগুলিতে মণ্ডপে সর্বদাই দেখা যেত পূর্বতন শাসকদলের প্রভাবশালীদের চাঁদের হাট।
বিতর্কের কেন্দ্রে প্রাক্তন মন্ত্রীর ভাই
তবে সাম্প্রতিককালে এই ক্লাব এবং তার কর্মকর্তাদের ঘিরে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করেছে। ক্লাবের প্রাক্তন সচিব তথা প্রাক্তন মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস বর্তমানে জেলে বন্দি রয়েছেন। তাঁর বিরুদ্ধে এক মহিলা রিজেন্ট পার্ক থানায় গুরুতর অভিযোগ দায়ের করে জানিয়েছিলেন যে, স্বরূপ তাঁকে একা ওই ক্লাবে দেখা করতে বলেছিলেন।
স্বরূপের গ্রেফতারির পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খোদ সুরুচি সঙ্ঘের ক্লাবে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং ছিঁড়ে ফেলা হয় ব্যানার, পোস্টার ও হোর্ডিং। অতীত গরিমায় ধাক্কা লাগার পর এবার খোদ জমি দখলের অভিযোগে এলআইসি-র এই চরম নোটিস সুরুচি সঙ্ঘের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল।



