৭২ ঘণ্টার ‘ইনকোয়ারি ম্যারাথন’, মঙ্গলে সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে কাটল অভিষেকের

টানা তিন দিন, তিনটি পৃথক মামলা এবং তিন দফা ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কার্যত তদন্তকারী সংস্থাগুলির নজরবিন্দুতে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

Abhishek Banerjee

টানা তিন দিন, তিনটি পৃথক মামলা এবং তিন দফা ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কার্যত তদন্তকারী সংস্থাগুলির নজরবিন্দুতে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee) । সই জালিয়াতি মামলা, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং উস্কানিমূলক মন্তব্য বিতর্ক  এই তিনটি ভিন্ন মামলায় রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ফলে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

তদন্তের প্রথম পর্ব শুরু হয় রবিবার। বিধানসভায় সই জাল করার অভিযোগ সংক্রান্ত মামলার তদন্তে সিআইডি-র তলবে ভবানী ভবনে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়(abhishek banerjee) । নির্ধারিত সময়ের প্রায় ১৭ মিনিট আগেই তিনি সেখানে পৌঁছে যান। এরপর দীর্ঘ প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তদন্তকারীরা অভিযোগের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন বলে সূত্রের খবর। একই দিনে বিকেলের দিকে তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকেও ভবানী ভবনে ডাকা হয়। পরে দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়, যা এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

   

রবিবারের (abhishek banerjee) দীর্ঘ জিজ্ঞাসাবাদের রেশ কাটতে না কাটতেই সোমবার আবারও তদন্তকারীদের মুখোমুখি হতে হয় অভিষেককে। এবার তাঁকে হাজিরা দিতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র দফতরে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সেখানে টানা ১১ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয় তাঁকে। নিয়োগ প্রক্রিয়া, আর্থিক লেনদেন এবং বিভিন্ন নথি সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর দিতে হয় বলে তদন্ত সূত্রে জানা যায়। দীর্ঘ সময় ধরে চলা এই জিজ্ঞাসাবাদ রাজনৈতিক মহলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এরপর মঙ্গলবার ফের ভবানী ভবনে হাজিরা দিতে হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এবার বিষয় ছিল তাঁর একটি বিতর্কিত মন্তব্য। অভিযোগ, একটি রাজনৈতিক কর্মসূচিতে ‘ডিজে বাজানো’ প্রসঙ্গে করা মন্তব্যকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ উঠেছে। সেই মামলার তদন্তেই সিআইডি তাঁকে তলব করে। সকাল থেকে শুরু হওয়া জিজ্ঞাসাবাদ চলে টানা সাড়ে ছ’ঘণ্টারও বেশি সময়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে আসেন তিনি। যদিও এই মামলায় তাঁকে পুনরায় ডাকা হবে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তিনটি পৃথক মামলায় প্রায় ২৬ (abhishek banerjee) ঘণ্টারও বেশি সময় ধরে তদন্তকারীদের প্রশ্নের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে কোনও শীর্ষ রাজনৈতিক নেতাকে এত অল্প সময়ের ব্যবধানে এত দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে খুব কমই দেখা গিয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিরোধী কণ্ঠস্বরকে চাপে রাখতে তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। যদিও তদন্তকারী সংস্থাগুলির দাবি, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই তদন্ত এগোচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের স্বার্থেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।