সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিশ্বকাপে (FIFA World Cup) একের পর এক অঘটন। সোমবার রাতে কেপ ভার্দের কাছেই আটকে গিয়েছিল স্পেন। তারপর ইজিপ্টের কাছে পিছিয়ে গিয়ে ড্র করে থিবো কুর্তোয়ার বেলজিয়াম। সেই একই ট্রেন্ড বজায় থাকল মঙ্গলবার ভোরে। যেখানে সৌদি আরবের কাছে হার বাঁচায় সাবেক বিশ্বজয়ীরা। এদিন খাতায় কলমে যথেষ্ট এগিয়ে ছিল লাতিন আমেরিকার দলটি। এমনকি ম্যাচ শুরু হওয়ার পর থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলেন ডারউইন নুনেজরা। কিন্তু সৌদির জমাটবাঁধা রক্ষণ ভাঙতে কালঘাম ছুঁটে যাওয়ার পরিস্থিতি দেখা দিয়েছিল উরুগুয়ের।
অপরদিকে, সেট পিসকে পাখির চোখ করে গোল তুলে নিতে তৎপর হয়ে উঠেছিল সৌদি আরব। প্রথমার্ধের তৃতীয় কোয়ার্টারের শেষের দিকেই চলে আসে সেই সুবর্ন সুযোগ। ম্যাচের বয়স তখন ৪১ মিনিট, ফ্রি-কিক থেকে দুরপাল্লার শট নেন আবদুল্লাহ আল আমরি। সেখান থেকেই গোল তুলে নিয়েছিল সৌদি আরব। কিছুই করতে পারেননি ফার্নান্দো। যারফলে ১-০ গোলে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধের শেষে বজায় ছিল সেই ফলাফল। তারপর দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই ঘন ঘন আক্রমণে উঠে এসে প্রতিপক্ষের উপর চাপ বাড়াচ্ছিল উরুগুয়ে। তবে আটকে যেতে হয়েছিল বারংবার।
তবে ম্যাচের ৮০ মিনিটে আসে সেই বহু প্রতীক্ষিত গোল। সৌদির গোলরক্ষক যথেষ্ট সক্রিয়তা দেখালেও বল গোলে যাওয়া রোধে করতে ব্যর্থ থাকেন। যারফলে কোনও রকমে হার বাঁচায় উরুগুয়ে।



