ফিরে এল ২০১৬ সালের ভয়াবহ নৌকাডুবি দুর্ঘটনার স্মৃতি। ১০ বছর পর একই স্থানে ফের দুর্ঘটনা। ভাগীরথী নদীতে তলিয়ে গেল ২ যুবক। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে নদীঘাট এলাকায়। Nadia
জানা গিয়েছে, ভাগীরথীর জলে তলিয়ে যায় দুই পরিযায়ী শ্রমিক যুবক। ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় নদীঘাট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। প্রায় দু ঘণ্টা ধরে স্থানীয়দের তৎপরতা থাকলেও এখনো দুই যুবকের দেহের খোঁজ মেলেনি (প্রতিবেদন প্রকাশের সময়)। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরকে। দুর্ঘটনার জন্য বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।
নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর কালনাঘাট ভাগীরথী নদীর ঘটনা। জানা যাচ্ছে, জলে তলিয়ে যাওয়া যুবকদের বাড়ি শান্তিপুর ২২ নম্বর ওয়ার্ডের সাতভাই পাড়া এলাকায়। এক যুবকের নাম বাপি মন্ডল, বয়স আনুমানিক ১৬ বছর। দ্বিতীয় জন আকাশ সেখ, বয়স আনুমানিক ১৭ বছর। সূত্রের খবর এই দুই যুবক গুজরাটে পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন, ঈদের উৎসবে বাড়িতে এসেছিলেন।
শনিবার দুপুর একটা নাগাদ কালনা ঘাটের ভাগীরথী নদীতে স্নান করতে আসে বেশ কিছু যুবক, যার মধ্যে বাপি মন্ডল ও আকাশ সেখ জলের স্রোতে তলিয়ে যায়। জানা যায় সাঁতার জানতো না ওই দুই যুবক। এরপরই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। যত সময় গড়ায় ততোই ভিড় জমে ভাগীরথী নদীর পারে। কান্নায় ভেঙে পড়েছে দুই যুবকের পরিবার। পরিবার চাইছে, যত দ্রুত সম্ভব ওই দুই যুবকের দেহর সন্ধান করা হোক।
উল্লেখ্য, ২০১৬ সালে শান্তিপুর কালনাঘাটে ঘটেছিল ভয়াবহ নৌকাডুবি দুর্ঘটনা। তারপর থেকেই প্রশাসনের সক্রিয়তা। তবে তা সত্তেও আবারো ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা।





