কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে চরম উত্তেজনা! এক অনুপ্রবেশকারীকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি। মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলার মাহেন্দ্রগঞ্জ সীমান্তে তৈরি হয়েছে এক নজিরবিহীন জটিলতা। ভারতের পুশব্যাকের মুখে ওই ব্যক্তিকে ফেরত নিতে সাফ অস্বীকার করেছে বাংলাদেশ। (India Bangladesh Border Standoff)
সীমান্ত সূত্রের খবর, মাহেন্দ্রগঞ্জের নদীর চর সেক্টর দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার সময় এক ব্যক্তিকে আটক করে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। প্রাথমিক জেরায় ধৃত ব্যক্তি নিজেকে বাংলাদেশি নাগরিক বলে স্বীকারও করে নেয়। কিন্তু বিপত্তি ঘটে যখন বিএসএফ তাকে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠাতে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি তো বটেই, ওপার বাংলার স্থানীয় বাসিন্দারাও ওই ব্যক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
ফল যা হওয়ার তাই হয়েছে। দুই দেশের অনমনীয় মনোভাবের জেরে বর্তমানে ভারত ও বাংলাদেশের কাঁটাতারের মাঝেই, অর্থাৎ ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে রয়েছেন ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে সীমান্তের পরিস্থিতি অত্যন্ত থমথমে বলে দাবি করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভারত সীমান্ত জুড়ে নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যদিও এই স্পর্শকাতর ইস্যু নিয়ে বিএসএফ বা বিজিবি, কেউই এখনও সরকারি কোনো বিবৃতি দেয়নি।
উল্লেখ্য, এই সীমান্ত সংঘাতের আবহেই পশ্চিমবঙ্গেও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শুরু হয়েছে অল-আউট অ্যাকশন। রাজ্যে নতুন শুভেন্দু অধিকারী সরকার গঠিত হওয়ার পর থেকেই বলবৎ করা হয়েছে কড়া ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ নীতি। জেলায় জেলায় বিশেষ হোল্ডিং সেন্টার তৈরি করে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করার পর বর্ডার দিয়ে ফেরত পাঠানো হচ্ছে। আর এই কাজ করতে গিয়েও বিভিন্ন সীমান্তে বিএসএফ প্রায়শই ওপার থেকে বাধার মুখে পড়ছে বলে খবর। মেঘালয়ের এই সাম্প্রতিক ঘটনা সেই সীমান্ত উত্তেজনাকেই আরও একবার উস্কে দিল।

