বাংলায় এবার ছুটবে বুলেট ট্রেন! নবান্ন থেকে রুট জানিয়ে দিলেন রেলমন্ত্রী

কলকাতা: বাংলায় পরিবর্তনের পর এবার রেলের মানচিত্রে এক ঐতিহাসিক বিপ্লব ঘটতে চলেছে। খোদ কলকাতায় এসে পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন চালুর ব্যাপারে সিলমোহর দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার নবান্নে ...

By Moumita Biswas

Published:

Follow Us
bullet train to introduce in west bengal

কলকাতা: বাংলায় পরিবর্তনের পর এবার রেলের মানচিত্রে এক ঐতিহাসিক বিপ্লব ঘটতে চলেছে। খোদ কলকাতায় এসে পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন চালুর ব্যাপারে সিলমোহর দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক হাই-প্রোফাইল বৈঠকের পর, যৌথ সাংবাদিক বৈঠকে এই মেগা প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। (bullet train to introduce in west bengal)

কোন রুটে চলবে বাংলার প্রথম বুলেট ট্রেন?

   

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের প্রথম বুলেট ট্রেনটি সরাসরি সংযোগ স্থাপন করবে দেশের রাজধানী দিল্লির সঙ্গে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ির। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় বুলেট ট্রেন চালানোর সংকল্প নিয়েছেন। এই হাই-স্পিড ট্রেনটি দিল্লি থেকে ছেড়ে লখনউ, বারাণসী এবং পটনা হয়ে শিলিগুড়িতে পৌঁছাবে।” এই ট্রেন চালু হলে দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছাতে সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা, যা যাতায়াত ব্যবস্থায় এক অভাবনীয় বদল আনবে। আগামী দিনে অত্যন্ত দ্রুততার সঙ্গে এই প্রকল্পের কাজ শুরু হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

কেমন হবে এই ট্রেনের গতি ও রূপ?

ভারতের হাই-স্পিড রেল প্রযুক্তির ক্ষেত্রে এই বুলেট ট্রেন দেশের যাতায়াত ব্যবস্থাকে এক সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাবে। সাধারণ যাত্রী নিয়ে এই ট্রেন ট্র্যাকের ওপর ঘণ্টায় প্রায় ৩০০ থেকে ৩২০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম। আপাতত এই ট্রেনের যে নকশা বা ডিজাইনটি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে ট্রেনের সামনের অংশটি অত্যন্ত আধুনিক এবং ‘অ্যারোডাইনামিক’ বা বায়ুগতিশীল আকৃতির, যা তীব্র গতিতে চলার সময় বাতাসের বাধাকে অবলীলায় ঠেলে এগিয়ে যেতে সাহায্য করবে। ট্রেনের অন্দরেও যাত্রীদের জন্য প্রিমিয়াম বিমানের মতো আরামদায়ক আসন এবং বিশ্বমানের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

ভারতে প্রথম বুলেট ট্রেন কোথায়?

বাংলায় এই রুটের কাজ মাত্র শুরু হতে চলায় কবে থেকে এখানে চাকা ঘুরবে তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে দেশের বুকে প্রথম বুলেট ট্রেনটি চলতে চলেছে মুম্বই থেকে আমেদাবাদ রুটে। এই রুটটি মুম্বই, থানে, সুরাট এবং বড়োদরার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলিকে জুড়বে, যার ফলে মুম্বই থেকে আমদাবাদ পৌঁছাতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টার কাছাকাছি।

রেল বিশেষজ্ঞদের দাবি, জাপানি প্রযুক্তির হাত ধরে এই বুলেট ট্রেন আগামী দিনে ভারতের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চাবিকাঠি হতে চলেছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google